জাতীয় 

র‍্যাব বিলুপ্ত করে পুলিশের আওতায় গঠিত হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ সংসদে বিল

  ডেস্ক রিপোর্ট: 3 September 2026 , 9:41:04 প্রিন্ট সংস্করণ

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত করে পুলিশের আওতাধীন ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে জাতীয় সংসদে বিল উত্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের চতুর্থ দিনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর বিলটি সংসদে উত্থাপন করেন।

বিলটি উত্থাপনের পর পরীক্ষা-নিরীক্ষার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে। চার কার্যদিবসের মধ্যে যাচাই-বাছাই শেষে প্রতিবেদন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

পুলিশের আওতায় থাকবে এসআরবি, প্রস্তাবিত আইনের ৪ ধারায় বলা হয়েছে, পুলিশ বাহিনীর আওতাধীন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) নামে একটি বিশেষায়িত ইউনিট থাকবে।

সরকার প্রয়োজন অনুযায়ী পুলিশ, অন্যান্য শৃঙ্খলা বাহিনী এবং নির্ধারিত সংখ্যক কর্মকর্তা ও কর্মচারীর সমন্বয়ে ইউনিটটি গঠন করবে। এর সদর দপ্তর থাকবে ঢাকায়।

এসআরবির মহাপরিচালক হিসেবে বাংলাদেশ পুলিশের অন্যূন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদমর্যাদার একজন কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হবে। তিনি ইউনিটের প্রশাসনিক, আর্থিক ও অপারেশনাল কার্যক্রম পরিচালনা করবেন।

যেসব দায়িত্ব পালন করবে নতুন বাহিনী, প্রস্তাবিত আইনে এসআরবির দায়িত্ব হিসেবে উল্লেখ করা হয়েছে—

– জননিরাপত্তা রক্ষা
– সন্ত্রাসবাদ ও সংঘবদ্ধ অপরাধ দমন
– বেআইনি অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার
– মাদকবিরোধী অভিযান
– সাইবার অপরাধ দমন
– গুম ও ভূমিদস্যুতার বিরুদ্ধে ব্যবস্থা
– নারী ও শিশু নির্যাতন এবং ধর্ষণবিরোধী কার্যক্রম
– মানবপাচার ও অপহরণ প্রতিরোধ
– আইনশৃঙ্খলা সংক্রান্ত গোয়েন্দা তথ্য সংগ্রহ

এ ছাড়া আদালত, সরকার বা পুলিশ মহাপরিদর্শকের নির্দেশ অনুযায়ী বিভিন্ন অপরাধের তদন্তও করতে পারবে ইউনিটটি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি ও জনআকাঙ্ক্ষার ভিত্তিতে র‌্যাব বিলুপ্ত করা হচ্ছে। তবে পুলিশের অধীনে একটি আধুনিক ও দক্ষ এলিট ফোর্সের প্রয়োজন রয়েছে।

তিনি আরও বলেন, দেশে সাইবার অপরাধ, অনলাইন জুয়া ও মাদকের মতো অপরাধ মোকাবিলায় উন্নত প্রযুক্তিনির্ভর সক্ষমতা বাড়ানো প্রয়োজন।

প্রস্তাবিত বিল অনুযায়ী, নতুন ইউনিটের ক্ষমতা প্রয়োগে স্বচ্ছতা, তদারকি ও কার্যকর জবাবদিহিতা নিশ্চিত করার বিধান রাখা হয়েছে।

আরও খবর

Sponsered content

নরসিংদীতে মাদক সেবনের অভিযোগে পুলিশসহ চারজন আটক

18 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
Fb/newsnestbd
@newsnest
www.newsnest.com