অনলাইন সংস্করণ: 17 August 2026 , 4:58:23 প্রিন্ট সংস্করণ
বিদ্যমান র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে পুলিশের অধীনে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) নামে নতুন বিশেষায়িত ইউনিট গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর খসড়া অনুমোদন করেছে মন্ত্রিসভা।
সোমবার সন্ধ্যায় সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে পরে বৈঠকের সিদ্ধান্ত জানানো হয়।
খসড়া আইনে নাগরিকদের অভিযোগ এবং এসআরবির সদস্যদের অভ্যন্তরীণ অভিযোগ নিষ্পত্তির জন্য বহুপক্ষীয় অভিযোগ প্রতিকার কমিটি গঠনের বিধান রাখা হয়েছে। একই সঙ্গে র্যাবের জনবল, ক্ষমতা, কর্তৃত্ব, সম্পদ, তহবিল, সম্পত্তি, হিসাব, রেকর্ডসহ সংশ্লিষ্ট বিষয় এসআরবির কাছে হস্তান্তরের ব্যবস্থা রাখা হয়েছে।
নতুন বিধিমালা প্রণয়ন না হওয়া পর্যন্ত বিদ্যমান র্যাবের বিভাগীয় কার্যধারাসংক্রান্ত বিধিমালা প্রয়োজনীয় অভিযোজনসহ বহাল রাখার প্রস্তাবও রয়েছে। তবে আইনটি লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে চূড়ান্ত হবে।
২০০৪ সালের মার্চে তৎকালীন বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সময় র্যাব প্রতিষ্ঠিত হয়। বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা রক্ষায় ভূমিকার পাশাপাশি র্যাবের বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডসহ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়েছে।