অনলাইন সংস্করণ: 19 August 2026 , 12:07:11 প্রিন্ট সংস্করণ
হলিউড অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের মৃত্যুর ঘটনায় নতুন কিছু তথ্য প্রকাশ পেয়েছে। পুলিশের সদ্য প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ ক্যারোলিনার গ্রিনভিলের একটি অ্যাপার্টমেন্টে অচেতন অবস্থায় পাওয়ার পর অভিনেত্রীর প্রেমিক ও তার ভাই জরুরি সেবা নম্বর ৯১১-এ ফোন করেছিলেন।
‘হিরোজ’ সিরিজে অদম্য চিয়ারলিডার এবং ‘ন্যাশভিল’ সিরিজে কান্ট্রি মিউজিক শিল্পীর চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পাওয়া হেইডেন প্যানেটিয়ার রোববার বিকেলে গ্রিনভিলের ওই বাসায় কার্ডিয়াক অ্যারেস্টের শিকার হন। পরে ঘটনাস্থলেই চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
গ্রিনভিল পুলিশ মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে জানায়, ঘটনাস্থলে গিয়ে এক কর্মকর্তা ব্রায়ান ও জ্যাক হিকেরসনের সঙ্গে কথা বলেন। তারা পুলিশকে জানান, তারাই ৯১১-এ ফোন করেছিলেন। জ্যাক হিকেরসন ওই অভিনেত্রীকে তার ভাইয়ের বান্ধবী হিসেবে পরিচয় করিয়ে দেন।
পুলিশের প্রতিবেদনে আরও বলা হয়, ব্রায়ান হিকেরসন কর্মকর্তাকে হেইডেনের ব্যবহৃত কিছু ওষুধের একটি ব্যাগ দেখান। তবে প্রতিবেদনের বেশ কিছু অংশ কালো করে দেওয়া হয়েছে। এর মধ্যে অভিনেত্রীর ওষুধের তালিকাও রয়েছে।
এদিকে হেইডেন প্যানেটিয়ারের মৃত্যুর সঠিক কারণ ও মৃত্যুর ধরন এখনো নিশ্চিত করা হয়নি। স্থানীয় করোনারের কার্যালয় জানিয়েছে, সোমবার করা ময়নাতদন্তে এমন কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, যা তার মৃত্যুর জন্য দায়ী হতে পারে। অতিরিক্ত পরীক্ষার ফল পাওয়ার পর মৃত্যুর আনুষ্ঠানিক কারণ নির্ধারণ করা হবে।
স্থানীয় জরুরি সেবার যোগাযোগের অডিওতে সম্ভাব্য ওভারডোজের কথা উল্লেখ করা হয়েছে। তবে কর্তৃপক্ষ এখন পর্যন্ত হেইডেনের ক্ষেত্রে ওভারডোজ হয়েছিল কি না, সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।
হেইডেন প্যানেটিয়ার ছিলেন ৩৬ বছর বয়সী। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাসিন্দা এই অভিনেত্রী সাম্প্রতিক বছরগুলোতে জনসম্মুখ থেকে কিছুটা দূরে ছিলেন। মাদকাসক্তি ও মানসিক স্বাস্থ্যসংক্রান্ত নানা সমস্যার সঙ্গে তার লড়াইয়ের কথা তিনি নিজেই তার স্মৃতিকথায় তুলে ধরেছিলেন।
তার মৃত্যুর খবরে হলিউডের পাশাপাশি ইউক্রেনেও শোকের ছায়া নেমে এসেছে। তার সাবেক সঙ্গী ও তাদের সন্তানের বাবা, ইউক্রেনের সাবেক বিশ্ব হেভিওয়েট বক্সিং চ্যাম্পিয়ন ভ্লাদিমির ক্লিৎসকো সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর শোক প্রকাশ করেছেন।
ক্লিৎসকো বলেন, তাদের পরিবার গভীর ধাক্কা ও শোকের মধ্য দিয়ে যাচ্ছে। তার ভাষায়, বিপুল প্রতিভার মাধ্যমে হেইডেন অসাধারণ ক্যারিয়ার গড়ে তুলেছিলেন এবং একই সঙ্গে কঠিন বিনোদনজগতের নানা অন্ধকার দিকের সঙ্গেও লড়াই করেছেন।
মৃত্যুর মাত্র দুই সপ্তাহ আগে হেইডেন প্রাণী অধিকার সংগঠন পেটার (PETA) একটি প্রচারণামূলক ভিডিওতে অংশ নিয়েছিলেন। সামুদ্রিক পার্কে প্রাণীদের বন্দি করে রাখার প্রতিবাদে তৈরি ওই ভিডিওতে তাকে বাথটাবে শুয়ে দর্শকদের বন্দিদশায় প্রাণীদের জীবন কল্পনা করতে আহ্বান জানাতে দেখা যায়।
পেটা এক বিবৃতিতে হেইডেনকে একজন সহানুভূতিশীল মানুষ ও প্রাণীদের শক্তিশালী সহযোগী হিসেবে স্মরণ করেছে।
স্থানীয় অ্যাপার্টমেন্টের এক বাসিন্দা মাইকা লি জানান, রোববার হেইডেনের মৃত্যুর সময় তার বাসার বাইরে হঠাৎ অনেক লোকজনের উপস্থিতি দেখতে পান। পরে তিনি জানতে পারেন, একজন ব্যক্তি সেখানে পড়ে গিয়েছিলেন। ভবনের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ পরে বাসিন্দাদের গণমাধ্যমের সঙ্গে এ বিষয়ে কথা না বলার অনুরোধ জানায়।
হেইডেন প্যানেটিয়ারের মৃত্যুর আনুষ্ঠানিক কারণ জানতে এখনো অতিরিক্ত পরীক্ষার ফলাফলের অপেক্ষা চলছে।




