চট্টগ্রাম

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা হত্যা রহস্য উদ্ঘাটন, র‍্যাব-১১ এর অভিযানে গ্রেফতার ৫

  নিজস্ব প্রতিবেদক : 27 April 2026 , 8:54:35 109 বার পঠিতপ্রিন্ট সংস্করণ

20260427 145210

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা হত্যা রহস্য উদ্ঘাটন, র‍্যাব-১১ এর অভিযানে গ্রেফতার ৫

ছিনতাইকারী চক্রের হাতে নির্মম হত্যাকাণ্ড; উদ্ধার করা হয়েছে ব্যবহৃত অস্ত্র ও আলামত

কুমিল্লায় চাঞ্চল্যকর কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১১)। এ ঘটনায় জড়িত একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

র‍্যাব-১১ সূত্র জানায়, গত ২৫ এপ্রিল ২০২৬ তারিখে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ি এলাকায় এক কাস্টমস কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত বুলেট বৈরাগী (৩৫) চট্টগ্রামের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমিতে প্রশিক্ষণ শেষে বাড়ি ফেরার পথে এ হত্যাকাণ্ডের শিকার হন।

ঘটনার পর নিহতের মা বাদী হয়ে কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনাটি গণমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করলে র‍্যাব গোয়েন্দা নজরদারি জোরদার করে।

পরবর্তীতে ২৬ এপ্রিল র‍্যাব-১১ এর একটি আভিযানিক দল কুমিল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে জড়িত ৫ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো— মোঃ সোহাগ (৩৪), ইসমাইল হোসেন জনি (২৮), এমরান হোসেন হৃদয় (৩৪), রাহাত হোসেন জুয়েল (২৭) এবং মোঃ সুজন (৩২)।

অভিযানকালে তাদের কাছ থেকে নিহতের ব্যবহৃত মোবাইল ফোন, পাওয়ার ব্যাংক, পোশাকসহ ব্যাগ উদ্ধার করা হয়। এছাড়া হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সিএনজি, চাপাতি, সুইচ গিয়ার, স্ক্রু ড্রাইভার, হ্যামার, প্লায়ার্স এবং নগদ অর্থ উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্য। তারা গভীর রাতে দূর-দূরান্ত থেকে আসা যাত্রীদের টার্গেট করে সিএনজিতে তুলে অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই করত।

ঘটনার দিন রাত আনুমানিক ৩টার দিকে জাগুরঝুলি এলাকায় ওৎ পেতে থাকা অবস্থায় তারা নিহতকে সিএনজিতে তোলে। পরে চলন্ত গাড়ির ভেতর তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এবং নগদ টাকা ও মালামাল ছিনিয়ে নেয়। একপর্যায়ে কোটবাড়ি এলাকায় পৌঁছে তাকে চলন্ত সিএনজি থেকে ফেলে দিলে গুরুতর আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গ্রেফতার এড়াতে আসামিরা আত্মগোপনে চলে গেলেও র‍্যাবের অভিযানে শেষ পর্যন্ত তারা ধরা পড়ে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লার সদর দক্ষিণ থানায় হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে।

র‍্যাব জানায়, অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর

Sponsered content