নিজস্ব প্রতিবেদক : 7 May 2026 , 4:14:17 98 বার পঠিতপ্রিন্ট সংস্করণ
কুমিল্লা পুলিশ লাইন্সে বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার রাত ১১টায় ফল ঘোষণা করা হয়। এতে মেধার ভিত্তিতে ১০১ জন প্রার্থী চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছেন।
জেলা পুলিশ সূত্রে জানা যায়, ফেব্রুয়ারি-২০২৬ নিয়োগ কার্যক্রমে কুমিল্লা জেলায় মোট ১ হাজার ৮২৩ জন আবেদন করেন। পরে ১৫, ১৬ ও ১৭ এপ্রিল অনুষ্ঠিত শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় ৭১৩ জন প্রার্থী উত্তীর্ণ হন।
এরপর ২৭ এপ্রিল লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় অংশ নেন ৬৯৮ জন প্রার্থী। খাতা মূল্যায়ন শেষে মঙ্গলবার সকালে কুমিল্লা পুলিশ লাইন্সে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা হয়।
ফল প্রকাশের পর সকাল ১০টা থেকে শুরু হয় মৌখিক ও মনস্তাত্ত্বিক পরীক্ষা, যা রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত চলে। সব ধাপ শেষে রাত ১১টায় চূড়ান্ত ফল ঘোষণা করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মোট ১১২ জন প্রার্থী কৃতকার্য হলেও শূন্য পদের বিপরীতে মেধা তালিকার ভিত্তিতে ১০১ জনকে নিয়োগের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে। এছাড়া ১১ জনকে অপেক্ষমাণ তালিকায় রাখা হয়েছে।
পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানানো হয়েছে, সম্পূর্ণ স্বচ্ছতা ও মেধার ভিত্তিতে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। ফলাফল ঘোষণার সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং মিডিয়া অফিসার উপস্থিত ছিলেন। নিয়োগপ্রাপ্তদের জেলা পুলিশের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।












