গাজীপুর প্রতিনিধি : 9 May 2026 , 1:02:33 99 বার পঠিতপ্রিন্ট সংস্করণ
গাজীপুরের কাপাসিয়ায় এক নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। উপজেলার রাউৎকোনা গ্রামে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা করা হয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন এক নারী, তার তিন সন্তান এবং ওই নারীর ভাই। পুলিশ ধারণা করছে, পারিবারিক কলহের জেরে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী মো. ফোরকান (৪৫) পলাতক রয়েছেন।
নিহতরা হলেন— ফোরকানের স্ত্রী শারমিন (৩৫), বড় মেয়ে মিম (১৫), মেজো মেয়ে মারিয়া (১২), ছোট মেয়ে ফারিয়া (১) এবং শারমিনের ভাই রসুল। তাদের আদি বাড়ি গোপালগঞ্জ সদর এলাকায়। তারা রাউৎকোনা গ্রামের মনির হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (৮ মে) রাত ৮টা থেকে শুক্রবার (৯ মে) সকাল ৬টার মধ্যে কোনো এক সময়ে এই হত্যাকাণ্ড ঘটে। সকালে অভিযুক্ত ফোরকান তার ছোট ভাইয়ের স্ত্রীকে ফোনে জানান যে, তিনি সবাইকে হত্যা করে পালিয়ে যাচ্ছেন। পরে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত মরদেহগুলো উদ্ধার করে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘরের ভেতর শিশুদের মরদেহগুলো এক সারিতে এবং নারী ও তার ভাইয়ের মরদেহ ভিন্ন স্থানে পড়ে ছিল।
প্রাথমিকভাবে পুলিশ ও স্থানীয়দের ধারণা, পারিবারিক বিবাদ ও ফোরকানের মাদকাসক্তির কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটে থাকতে পারে। ফোরকান দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং প্রায়ই পরিবারে ঝগড়া চলত।
গাজীপুর জেলা পুলিশ জানিয়েছে, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত ফোরকানকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
এই ঘটনায় পুরো এলাকায় গভীর শোক ও আতঙ্ক বিরাজ করছে। এলাকাবাসী এই নৃশংস হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।















