ঢাকা

ফরিদপুরে কোদাল নিয়ে অতর্কিত হামলা: ৩ জন নিহত, আহত ১

  প্রতিনিধি 27 April 2026 , 7:58:50 121 বার পঠিতপ্রিন্ট সংস্করণ

ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নে একটি নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৭ এপ্রিল) রাত ৯টার দিকে ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গদাধরডাঙ্গী গ্রামে আকাশ (২৮) নামক এক যুবক কোদাল দিয়ে কুপিয়ে তিনজনকে হত্যা করেছে। এই হামলায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

নিহতরা হলেন—গদাধরডাঙ্গী গ্রামের বাসিন্দা রাহেলা বেগম (৫০), আমেনা বেগম (৭৫) এবং কাবুল (৪৫)। হামলায় আহত রিয়াজ মোল্লাকে (৪৫) স্থানীয়রা উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠিয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে আজগর মোল্লার বাড়ির উঠানে ওই ভুক্তভোগীরা অবস্থান করছিলেন। এ সময় কোনো কিছু বুঝে ওঠার আগেই আকাশ নামে এক যুবক হঠাৎ কোদাল হাতে নিয়ে তাদের ওপর চড়াও হয়। এলোপাতাড়ি কোদালের আঘাতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

প্রাথমিক তথ্য অনুযায়ী, হামলাকারী আকাশ মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে। ঘটনার পরপরই সে এলাকা থেকে পালিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম জানান, সংবাদ পাওয়ার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। নিহতদের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

পুলিশ সুপার আরও জানান, হামলাকারী আকাশকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে এবং তাকে খুঁজে বের করতে অভিযান অব্যাহত রয়েছে।

এই নৃশংস ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়দের মধ্যে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে।

আরও খবর

Sponsered content