ঢাকা

নারায়ণগঞ্জের ফতুল্লায় ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়ে ছাই অন্তত ২০টি দোকান

  অনলাইন সংস্করণ: 24 April 2026 , 10:28:50 125 বার পঠিতপ্রিন্ট সংস্করণ

নারায়ণগঞ্জের ফতুল্লায় ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে জেলা কারাগারের সামনে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ঝুটের গুদাম, মোটরসাইকেল সার্ভিসিং সেন্টার ও চায়ের দোকানসহ অন্তত ২০টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় লিংক রোডের সস্তাপুর এলাকায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

আগুনের সূত্রপাত: সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি ঝুটের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়েছে।  দ্রুত ছড়িয়ে পড়া এই আগুনে বেশ কয়েকটি ঝুটের গুদাম, একটি চায়ের দোকান, একটি মোটরসাইকেল সার্ভিসিংয়ের দোকানসহ প্রায় ২০টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাত ৮টা ১৩ মিনিটে ফায়ার সার্ভিস আগুন প্রাথমিকভাবে নিয়ন্ত্রণে আনে। এরপর থেমে থেমে আগুন জ্বলতে থাকলেও রাত ৯টা ১০ মিনিটে তা পুরোপুরি নির্বাপণ করা সম্ভব হয়। বর্তমানে ঘটনাস্থলে ডাম্পিংয়ের কাজ চলছে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক নাজুমুজ্জামান জানান, “খবর পেয়ে প্রথমে নারায়ণগঞ্জ সদর ও শিবু মার্কেট এলাকা থেকে আমাদের চারটি ইউনিট পাঠানো হয়। পরে আগুনের ভয়াবহতা বিবেচনায় ঢাকা থেকে আরও চারটি ইউনিট যুক্ত হয়ে চারপাশ থেকে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।”

তিনি আরও বলেন, “আগুন এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে। ঝুটের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হলেও তদন্ত সাপেক্ষে প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় এখন পর্যন্ত দগ্ধ বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।”

ফায়ার সার্ভিসের নারায়ণগঞ্জের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, ঢাকা ও নারায়ণগঞ্জের মোট আটটি ইউনিটের যৌথ প্রচেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়েছে। ডাম্পিংয়ের কাজ শেষ হলে ক্ষয়ক্ষতির চূড়ান্ত পরিমাণ ও আগুনের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

আরও খবর

Sponsered content