চট্টগ্রাম

চট্টগ্রাম থেকে ফেরার পথে নিখোঁজ রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগীর মরদেহ উদ্ধার

  নিজস্ব প্রতিবেদক : 25 April 2026 , 4:24:32 126 বার পঠিতপ্রিন্ট সংস্করণ

কুমিল্লায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর বুলেট বৈরাগী (৩৫) নামে এক সহকারী রাজস্ব কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ এপ্রিল) সকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কোটবাড়ি বিশ্বরোড এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত বুলেট বৈরাগী কুমিল্লা নগরীর পানপট্টি এলাকার বাসিন্দা সুশীল বৈরাগীর ছেলে। তিনি কাস্টমস, এক্সসাইজ ও ভ্যাট বিভাগে সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার সকালে কোটবাড়ি বিশ্বরোড এলাকায় মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের পরিবার সূত্রে জানা গেছে, চট্টগ্রামে প্রশিক্ষণ শেষে ২৪ এপ্রিল রাতে কুমিল্লায় ফেরার পথে তিনি নিখোঁজ হন। নিখোঁজ হওয়ার আগে রাত আনুমানিক ২টা ২৫ মিনিটে পরিবারের সঙ্গে তার সর্বশেষ কথা হয়। সে সময় তিনি কুমিল্লা নগরীর টমছম ব্রিজ এলাকায় পৌঁছানোর কথা জানিয়েছিলেন। এরপর থেকেই তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোতোয়ালি মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয় এবং ঘটনার রহস্য উদঘাটনে পুলিশি তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।
এই মর্মান্তিক ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং নিহতের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

আরও খবর

Sponsered content