আন্তর্জাতিক ডেস্ক: 5 May 2026 , 5:08:18 69 বার পঠিতপ্রিন্ট সংস্করণ
হরমুজ প্রণালিতে ‘প্রজেক্ট ফ্রিডম’ পরিচালনাকারী মার্কিন জাহাজে কোনো ধরনের হামলা চালানো হলে ইরানকে ‘পৃথিবীর বুক থেকে মুছে ফেলা’ হবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ফক্স নিউজের একটি অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন সামরিক সক্ষমতার কথা তুলে ধরে ট্রাম্প এই কড়া বার্তা দেন। সামরিক শক্তির জোর দিয়ে তিনি বলেন, “আগের তুলনায় আমাদের কাছে এখন অনেক উন্নত মানের প্রচুর অস্ত্র ও গোলাবারুদ রয়েছে। আমাদের কাছে সেরা সব সরঞ্জাম আছে। সারা বিশ্বে আমাদের সামরিক সরঞ্জাম ও ঘাঁটি ছড়িয়ে আছে এবং সেগুলো অত্যাধুনিক সামরিক সরঞ্জামে পরিপূর্ণ। আমরা সেই সবকিছুই ব্যবহার করতে পারি এবং প্রয়োজন হলে আমরা অবশ্যই তা করব।”
সামরিক হামলার এই কড়া হুমকির পাশাপাশি ট্রাম্প কূটনৈতিক দিক নিয়েও কথা বলেন। মার্কিন প্রেসিডেন্ট জানান, তিনি বিশ্বাস করেন যে শান্তি আলোচনার ক্ষেত্রে ইরান এখন আগের চেয়ে ‘অনেক বেশি নমনীয়’ হয়েছে। তবে এই নমনীয়তার পরও, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় ওই অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি আরও বাড়ানোর ওপর বিশেষভাবে জোর দেন তিনি।















