নিজস্ব প্রতিবদেক: 17 April 2026 , 3:28:23 76 বার পঠিতপ্রিন্ট সংস্করণ
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে ফেরি থেকে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের দ্রুত তৎপরতায় গাড়ির চালককে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে নবীগঞ্জ ফেরিঘাটে এই দুর্ঘটনা ঘটে।
হাজীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন সূত্রে জানা যায়, বিকেলে নবীগঞ্জ ফেরিঘাট থেকে সদর উপজেলার হাজীগঞ্জ ঘাটের উদ্দেশ্যে একটি ফেরি ছেড়ে যায়। ফেরিটি যখন গন্তব্যের কাছাকাছি পৌঁছায়, তখন হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একটি সাদা রঙের প্রাইভেটকার সরাসরি নদীতে পড়ে তলিয়ে যায়। এসময় ঘাটে উপস্থিত মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার পরপরই হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং স্থানীয় জনগণের সম্মিলিত চেষ্টায় গাড়ির চালককে জীবিত অবস্থায় নদী থেকে টেনে তোলা হয়। উদ্ধারকৃত চালক সুস্থ আছেন বলে জানা গেছে। পরবর্তীতে ফায়ার সার্ভিসের বিশেষ টিম নদী থেকে ডুবন্ত প্রাইভেটকারটিও তীরে তুলতে সক্ষম হয়।
হাজীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা নুরুল আলম জানান, “খবর পাওয়ার সাথে সাথেই আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছায়। গাড়িটিতে চালক ছাড়া অন্য কোনো যাত্রী ছিল না, ফলে বড় ধরনের প্রাণহানি এড়ানো গেছে। দ্রুত উদ্ধার কাজ শেষ করে গাড়িটি পানি থেকে তোলা হয়েছে।”
দুর্ঘটনার পর ফেরি পারাপারের ক্ষেত্রে চালকদের আরও সচেতন থাকার পরামর্শ দিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।










