ফেনী জেলা প্রতিনিধি : 18 April 2026 , 6:56:06 113 বার পঠিতপ্রিন্ট সংস্করণ
ইউটিউবে ভিডিও দেখে বিকল্প উপায়ে অকটেন তৈরির চেষ্টা করতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ ব্যবসায়ী নূর আলম মাসুদ (৪৫) মারা গেছেন। টানা চারদিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শনিবার (১৮ এপ্রিল) সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
নিহত নূর আলম মাসুদ ফেনীর সোনাগাজী উপজেলার ‘সততা অয়েল মিলস’-এর স্বত্বাধিকারী ছিলেন। তিনি সোনাগাজী সদর ইউনিয়নের ওমর খান পাঠান বাড়ির মৃত খুরশিদ আলমের ছেলে।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, গত মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে মাসুদ নিজ বাড়িতে ইউটিউবের একটি পদ্ধতি অনুসরণ করে অকটেন তৈরির পরীক্ষা করছিলেন। এ সময় চুল্লির মাত্রাতিরিক্ত তাপের কারণে একটি পাইপ বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে মাসুদ এবং তার সহকর্মী মো. ওমর ফারুক শরীরের বিভিন্ন অংশে গুরুতর দগ্ধ হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চারদিন চিকিৎসাধীন থাকার পর আজ সকালে মাসুদের মৃত্যু হয়।
সোনাগাজী মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) শফিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি নিউজ নেস্টকে জানান, পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি আমরা অবগত হয়েছি এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।













