সর্বশেষ

মোহাম্মদপুরে অস্ত্রের মুখে ফটোগ্রাফারের সর্বস্ব লুট

  নিজস্ব প্রতিবদেক: 16 April 2026 , 2:09:07 112 বার পঠিতপ্রিন্ট সংস্করণ

রাজধানীর মোহাম্মদপুরের নূরজাহান রোড এলাকায় পেশাদার ফটোগ্রাফার সাঈদ হাসান তানিম ছিনতাইয়ের শিকার হয়েছেন। কাজ শেষে গভীর রাতে বাড়ি ফেরার পথে অস্ত্রের মুখে জিম্মি করে তার কাছ থেকে মূল্যবান ক্যামেরা, ল্যাপটপ ও ফোন লুটে নিয়েছে ছিনতাইকারীরা।

মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত  সাড়ে ৩টার দিকে নূরজাহান রোডে তানিমের বাসার সামনে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী জানান, ওই দিন পূর্বাচল ৩০০ ফিট এলাকায় একটি ফটোশুটের কাজ শেষে মাইক্রোবাসে করে বাসার সামনে নামেন তিনি। বাসার গেট খোলার জন্য অপেক্ষা করার সময় একটি মোটরসাইকেলে আসা অজ্ঞাতপরিচয় একাধিক ছিনতাইকারী তার গতিরোধ করে।

তানিম তার অভিযোগে উল্লেখ করেন, ছিনতাইকারীরা তাকে চাপাতি দেখিয়ে হত্যার হুমকি দেয়। বাধা দিতে চাইলে চাপাতির উল্টো পাশ দিয়ে তার মাথা, হাত ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। প্রাণভয়ে তিনি পিছু হটলে ছিনতাইকারীরা তার ব্যাগটি টেনে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

লুট হওয়া মালামাল, ছিনতাই হওয়া মালামালের মধ্যে রয়েছে, একটি সনি এফএক্স-৩ (Sony FX3) মডেলের পেশাদার ক্যামেরা। একটি দামী লেন্স। একটি ম্যাকবুক ল্যাপটপ (M4 Pro)। একটি স্মার্টফোন।

এই ঘটনায় সাঈদ হাসান তানিম মোহাম্মদপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন নিউজ নেস্টকে জানান, বিষয়টি সম্পর্কে তিনি তাৎক্ষণিকভাবে অবগত নন। তবে তিনি ঘটনাটি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।

রাজধানীর জনবহুল এই এলাকায় গভীর রাতে এমন দুর্ধর্ষ ছিনতাইয়ের ঘটনায় স্থানীয় বাসিন্দা ও সংবাদকর্মীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

আরও খবর

Sponsered content