নিজস্ব প্রতিবেদক: 7 April 2026 , 11:16:26 108 বার পঠিতপ্রিন্ট সংস্করণ
কুমিল্লা শহরের কোতোয়ালি থানা এলাকায় দেশীয় অস্ত্রের মহড়া দিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি ও আইনশৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগে কিশোর গ্যাংয়ের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের মঙ্গলবার (৭ এপ্রিল) বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ এপ্রিল (শুক্রবার) বিকেল ৪টার দিকে কোতোয়ালি থানাধীন ঠাকুরপাড়া মদিনা মসজিদ রোডে একদল উচ্ছৃঙ্খল কিশোর গ্যাং সদস্য দেশীয় অস্ত্রের (চাপাতি, রামদা, হাসুয়া, এসএস পাইপ ও সুইচ গিয়ার) মহড়া দেয়। তারা পটকা ফাটিয়ে ও মিছিল করে এলাকায় ত্রাস সৃষ্টি করে, যার ফলে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হয় এবং জনমনে গভীর আতঙ্ক ছড়িয়ে পড়ে।
উক্ত ঘটনার প্রেক্ষিতে গত ৬ এপ্রিল রাতে কোতোয়ালি মডেল থানা পুলিশ বিসিক শিল্প নগরীসহ শহরের বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ঘটনায় জড়িত ৫ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, ১৷ ফরহাদ হোসাইন (২২): পিতা- দুলাল মিয়া, শাসনগাছা (বাদল মিয়ার ভাড়াটিয়া), ২৷ ইব্রাহিম হোসেন জসিম (২২), পিতা- সুরুজ মিয়া, নিশ্চিন্তপুর, পাঁচথুবী ইউপি, ৩৷ শাহাদত হোসেন শান্ত (১৯),পিতা- সোহেল রানা, অশোকতলা, ৪৷ তানভীর আহম্মেদ (১৬), পিতা- হুমায়ুন কবির, শাসনগাছা, ৫৷ সাজ্জাদ হোসেন প্রকাশ রিতিক (১৭), পিতা- লাভলু মিয়া, আড়াইওড়া (কাজী বাড়ী)।
গ্রেফতারের পর আসামিদের জিজ্ঞাসাবাদ করা হলে তারা অস্ত্রশস্ত্রের বিষয়ে তথ্য প্রদান করে। তাদের দেওয়া তথ্য ও দেখানো মতে, কুসিক ৭নং ওয়ার্ডস্থ অশোকতলা বিসিক শিল্পনগরী সংলগ্ন নোনাবাদ পুকুরের পূর্ব পাড় থেকে উপস্থিত সাক্ষীদের সম্মুখে তল্লাশি চালিয়ে ৪টি দেশীয় তৈরি রামদা/হাসুয়া এবং ব্লেডযুক্ত ১টি এসএস পাইপ উদ্ধার করে পুলিশ।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃতরা তাদের সহযোগী আরও ১৪ জনের নাম-ঠিকানা প্রকাশ করেছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ১৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১৪০-১৫০ জনকে আসামি করে সংশ্লিষ্ট আইনে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়ের করেছে। গ্রেফতারকৃত আসামিদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।














