সর্বশেষ

২৫ মার্চের গণহত্যা: স্বাধীনতার ঘোষণা জাতিকে জাগিয়ে তুলেছিল—রাষ্ট্রপতি

  নিজস্ব প্রতিবেদক: 25 March 2026 , 5:00:38 78 বার পঠিতপ্রিন্ট সংস্করণ

 ২৫ মার্চের ভয়াল কালরাত ও ‘গণহত্যা দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, ১৯৭১ সালের সেই সংকটময় মুহূর্তে মহান স্বাধীনতার ঘোষণা বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে সশস্ত্র মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়তে অনন্য প্রেরণা জুগিয়েছিল।

মঙ্গলবার (২৪ মার্চ) দেওয়া এক বিশেষ বার্তায় তিনি বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চ দিবাগত রাতে পাকিস্তানি দখলদার বাহিনী ‘অপারেশন সার্চলাইট’-এর নামে নিরস্ত্র ও ঘুমন্ত বাঙালির ওপর ইতিহাসের নৃশংসতম হত্যাযজ্ঞ চালায়। এতে পুরো জাতি স্তব্ধ ও বাকরুদ্ধ হয়ে পড়ে।

রাষ্ট্রপতি উল্লেখ করেন, সেই বিভীষিকাময় পরিস্থিতিতে চট্টগ্রামে ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বিদ্রোহ এবং কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তৎকালীন মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা মুক্তিকামী মানুষকে অসীম সাহস জুগিয়েছিল। এই ঘোষণা জাতিকে সুসংগঠিত করে প্রাণ উৎসর্গের চেতনায় উজ্জীবিত করেছিল, যার চূড়ান্ত ফল ছিল ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর অর্জিত বিজয়।

তিনি ২৫ মার্চের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, রাজারবাগ পুলিশ লাইনস, তৎকালীন ইপিআর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী ও সাধারণ মানুষ নির্মম গণহত্যার শিকার হন, যা জাতীয় জীবনের সবচেয়ে বেদনাবিধুর অধ্যায়।

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে এবং গণতান্ত্রিক সরকার গঠিত হয়েছে। বৈষম্যহীন, মানবিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

মুক্তিযুদ্ধের চেতনার কথা স্মরণ করিয়ে দিয়ে রাষ্ট্রপতি বলেন, শহীদদের স্বপ্ন ছিল একটি ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়া, যেখানে দুর্নীতি, দুঃশাসন ও বৈষম্যের কোনো স্থান থাকবে না। তিনি ধর্ম-বর্ণ ও রাজনৈতিক মতভেদ ভুলে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

পরিশেষে, রাষ্ট্রপতি ২৫ মার্চসহ স্বাধীনতা যুদ্ধের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন।

আরও খবর

Sponsered content