সর্বশেষ

চাঁদপুরে হামের প্রকোপ: ৩ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৩

  প্রতিনিধি 31 March 2026 , 9:57:29 119 বার পঠিতপ্রিন্ট সংস্করণ

চাঁদপুর জেলাজুড়ে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের প্রাদুর্ভাব। গত কয়েক দিনে এই সংক্রামক রোগে আক্রান্ত হয়ে জেলায় তিন শিশুর মৃত্যু হয়েছে। বর্তমানে জেলা সদরসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরও ২৩ জন শিশু আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছে।

সোমবার (৩০ মার্চ) জেলা সিভিল সার্জন ডা. নূরে আলম দ্বীন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জেলায় হামের সংক্রমণ ছড়িয়ে পড়ায় হাসপাতালগুলোতে বাড়তি সতর্কতা ও প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।
চিকিৎসাধীন শিশুদের পরিসংখ্যান
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, বর্তমানে আক্রান্ত শিশুদের মধ্যে: চাঁদপুর সদর জেনারেল হাসপাতাল ১৭ জন, হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৩ জন, মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: ৩ জন।

সদর হাসপাতালে গিয়ে দেখা যায়, জ্বর, সর্দি ও কাশি নিয়ে প্রতিনিয়ত আক্রান্ত শিশুরা হাসপাতালে আসছে। হামের লক্ষণ দেখা দেওয়ায় আক্রান্তদের আলাদা আইসোলেশন ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় দেখা দিয়েছে শয্যা সংকট। পর্যাপ্ত বেড না থাকায় অনেক শিশুকে হাসপাতালের মেঝেতে রেখেই চিকিৎসা দিতে বাধ্য হচ্ছেন কর্তৃপক্ষ।
চাঁদপুর সদর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাহবুবুর রহমান বলেন “আক্রান্ত শিশুর সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। আমরা তাদের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আইসোলেশনে রাখছি। তবে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়েছে।”
হাসপাতালের চিকিৎসক সৈয়দ আহমেদ কাজল জানান, হামের প্রধান লক্ষণগুলো হলো, তীব্র জ্বর ও শরীর লালচে হয়ে যাওয়া, চোখ লাল হয়ে যাওয়া ও অনবরত পানি পড়া, জ্বরসহ সর্দি ও দীর্ঘস্থায়ী কাশি।

চিকিৎসকরা অভিভাবকদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে বলেন, এসব লক্ষণ দেখা মাত্রই দেরি না করে শিশুকে নিকটস্থ হাসপাতালে নিতে হবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দ্রুত পুষ্টিকর খাবার ও যত্ন নিশ্চিত করতে হবে।

আরও খবর

Sponsered content