সর্বশেষ

ভূচ্চি বাজারে হামলার ঘটনায় প্রধান আসামি রাজু গ্রেফতার

  নিজস্ব প্রতিবেদক: 9 October 2025 , 3:00:55 282 বার পঠিতপ্রিন্ট সংস্করণ

কুমিল্লার লালমাই উপজেলার ভূচ্চি বাজারে চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় হামলার ঘটনার প্রধান ও মাদক মামলার আসামি মামুনুর রশীদ রাজুকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম।

জানা গেছে, গত ৬ অক্টোবর (শুক্রবার) সন্ধ্যায় উপজেলার ভূচ্চি বাজারে আমিনুল ইসলাম মার্কেটের আংশিক মালিক মাঈনুদ্দিন চিশতী ভাড়া তুলতে গেলে স্থানীয় সন্ত্রাসী মামুনুর রশীদ রাজু, ইব্রাহিম খলিল সুজন, সাহিদ ও হারুনুর রশিদসহ ৮-১০ জন সংঘবদ্ধ হয়ে তার ওপর হামলা চালায়। তারা মাঈনুদ্দিন চিশতীর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে রাজু ও তার সহযোগীরা তাকে এলোপাথাড়ি মারধর করে গুরুতর আহত করে। এতে তার বাম চোখে জখম হয়।

এ সময় মাঈনুদ্দিন চিশতীকে বাঁচাতে এগিয়ে গেলে মিজানুর রহমান জাকির, আরিফুর রহমান ও মোস্তফা কামালও মারাত্মকভাবে আহত হন। হামলাকারীরা তাদের কাছ থেকে নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুমিল্লা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।

মামলার বাদী মাঈনুদ্দিন চিশতী বলেন, “বিবাদীরা আমাদের ওপর হামলা চালানোর পর লালমাই থানা পুলিশ দ্রুত মামলা রুজু করে এবং প্রধান আসামি রাজুকে গ্রেফতার করেছে। আমরা আশা করছি বাকি আসামিদেরও দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হবে।”

লালমাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, “হামলার ঘটনায় প্রধান আসামি রাজুকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের জন্য অভিযান চলছে। আসামি রাজুর বিরুদ্ধে ২০২২ সালে একটি মাদক মামলা আছে। গ্রেফতারের পর তাকে কুমিল্লা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও খবর

Sponsered content