সর্বশেষ

কুমিল্লার মুরাদনগরে পুলিশের অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার

  কুমিল্লা প্রতিনিধি: 1 April 2026 , 4:41:49 80 বার পঠিতপ্রিন্ট সংস্করণ

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) গভীর রাতে উপজেলার শ্রীকাইল উত্তরপাড়া এলাকায় এই অভিযান চালায় পুলিশ।

পুলিশ জানায়, মাদক কেনাবেচার গোপন খবরের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানার এসআই মো. মতিউর রহমানের নেতৃত্বে একটি চৌকস দল শ্রীকাইল গ্রামের হেলাল মিয়ার বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলেও হেলাল (৩৮) ও তার সহযোগী ইয়াছিনকে (২০) গ্রেপ্তার করতে সক্ষম হয় বাহিনীটি।

তল্লাশিকালে হেলাল মিয়ার ঘরের শোকেসের ড্রয়ার থেকে সুকৌশলে লুকিয়ে রাখা ৮০ পিস এবং ইয়াছিনের দেহ তল্লাশি করে আরও ১০ পিস ইয়াবা পাওয়া যায়। মোট ৯০ পিস নিষিদ্ধ এই ট্যাবলেট জব্দ করে পুলিশ। গ্রেপ্তারকৃত ইয়াছিন পার্শ্ববর্তী ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার সাতমোড়া গ্রামের বাসিন্দা।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের জানান, মাদক ব্যবসায়ীদের কোনো ছাড় দেওয়া হবে না। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করার পর মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। জনস্বার্থে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর

Sponsered content