ডেস্ক রিপোর্ট : 8 April 2026 , 6:22:59 79 বার পঠিতপ্রিন্ট সংস্করণ
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন তারেক রহমান। আগামী ১০ মে-র মধ্যে এই গুরুত্বপূর্ণ সফরটি অনুষ্ঠিত হতে পারে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশের নতুন সরকারের সাথে আস্থার সম্পর্ক সুদৃঢ় করতে এই সফরকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে দিল্লি।
ঢাকার ভারতীয় দূতাবাস সূত্রে জানা গেছে, এই সফরকে স্মরণীয় করে রাখতে ভারতের পক্ষ থেকে নজিরবিহীন আতিথেয়তার প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে তার স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমানকেও বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছে। উল্লেখ্য যে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেওয়া সংবর্ধনার আদলেই এই বরণের পরিকল্পনা করছে ভারত সরকার।
সংশ্লিষ্ট সূত্রমতে, এই সফরে তিনটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য হলো, প্রায় ২০০ কোটি মার্কিন ডলারের (বাংলাদেশি মুদ্রায় ২৪ হাজার কোটি টাকা) একটি বিশেষ সহায়তা প্যাকেজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। গঙ্গার পানিবণ্টন চুক্তি নিয়ে ভারতের পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে, যা দীর্ঘদিনের অমীমাংসিত সংকটের সমাধানে বড় পদক্ষেপ হতে পারে। বর্তমান ইরি মৌসুমে সেচ কাজের জন্য ভারত থেকে আরও বেশি ডিজেল আমদানির বিষয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।
প্রাথমিকভাবে এপ্রিল মাসে সফরের পরিকল্পনা থাকলেও ভারতের অভ্যন্তরীণ নির্বাচনের কারণে তারিখ কিছুটা পিছিয়ে মে মাসের শুরুতে নির্ধারণ করা হয়েছে। গত সোমবার (৬ এপ্রিল) ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে সফরের বিস্তারিত আলোচনা করেন।
সফরসঙ্গী হিসেবে নাম আসার তালিকায় রয়েছেন— অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা না এলেও দু-এক দিনের মধ্যেই প্রধানমন্ত্রীর এই সফরের সূচি চূড়ান্তভাবে জানানো হবে বলে আশা করা যাচ্ছে।












