অনলাইন সংকরণ: 18 April 2026 , 2:54:58 96 বার পঠিতপ্রিন্ট সংস্করণ
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আপত্তিকর ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধানকে তার নিজ জেলা পঞ্চগড়ে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে জেলা ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দল আয়োজিত এক প্রতিবাদ সমাবেশ থেকে এই ঘোষণা দেওয়া হয়।
বিকেলে স্থানীয় দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন জাতীয়তাবাদী সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলা এলাকায় পৌঁছালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিল চলাকালে একদল নেতাকর্মী জাগপা জেলা কার্যালয়ের টিনের বেড়া উপড়ে ফেলে এবং কার্যালয়ের ভেতরে থাকা চেয়ার, ফ্যানসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। পরে মিছিলটি চৌরঙ্গী মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুজ্জামান বাবু ক্ষোভ প্রকাশ করে বলেন:
“প্রধানমন্ত্রী তারেক রহমান যখন সফলভাবে দেশকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিচ্ছেন, তখন রাশেদ প্রধানের মতো নেতারা কুরুচিপূর্ণ মন্তব্য করে রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করছেন। আমরা পঞ্চগড়বাসী লজ্জিত যে তাঁর বাড়ি এখানে। রাজনৈতিক বিরোধিতা থাকতে পারে, কিন্তু কটূক্তি গ্রহণযোগ্য নয়। আমরা তাঁকে পঞ্চগড়ে অবাঞ্ছিত ঘোষণা করছি।”
হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জেলা জাগপার সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন পাটোয়ারী বলেন, “২০২৪ সালে আওয়ামী লীগ যেভাবে আমাদের অফিসে হামলা চালিয়েছিল, আজ বিএনপি ও এর অঙ্গসংগঠন একইভাবে ভাঙচুর করল। আমরা ভেবেছিলাম গণঅভ্যুত্থানের পর বাকস্বাধীনতা ফিরে পাব, কিন্তু নব্য স্বৈরাচারের মতো কণ্ঠরোধের চেষ্টা চলছে।” তিনি এই ঘটনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন।
ঘটনার পর উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে শহরের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ সতর্ক অবস্থানে আছে।












