নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ: 16 April 2026 , 1:13:20 80 বার পঠিতপ্রিন্ট সংস্করণ
প্রচণ্ড ঝড় ও ভারী বৃষ্টির কবলে পড়ে রেললাইনের ওপর গাছ উপড়ে পড়ায় ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। বুধবার (১৫ এপ্রিল) রাত সোয়া ১০টার দিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা তারাকান্দিগামী ‘যমুনা এক্সপ্রেস’ ট্রেনটি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকা অতিক্রম করার সময় চালক লাইনের ওপর গাছ পড়ে থাকতে দেখেন। তাৎক্ষণিকভাবে ট্রেনটি থামিয়ে দেওয়ায় বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। তবে রেললাইন অবরুদ্ধ হয়ে পড়ায় এই রুটের সকল ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
লাইন সচল না থাকায় বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি ট্রেন আটকা পড়েছে। এর মধ্যে রয়েছে:
ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে আটকে আছে ঢাকাগামী ‘অগ্নিবীণা এক্সপ্রেস’। আউলিয়া নগর স্টেশনে দেওয়ানগঞ্জগামী ‘ব্রহ্মপুত্র এক্সপ্রেস’ অবস্থান করছে।
ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রেললাইনের ওপর বিশাল একটি গাছ উপড়ে পড়ায় যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। খবর দেওয়া হয়েছে ফায়ার সার্ভিসকে।
সর্বশেষ খবর অনুযায়ী, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে গাছ সরানোর কাজ শুরু করেছেন। লাইন পরিষ্কার হওয়া মাত্রই ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হবে বলে রেলওয়ে কর্তৃপক্ষ আশা প্রকাশ করছে। আকস্মিক এই ভোগান্তিতে কয়েকশ যাত্রী বিভিন্ন স্টেশনে অপেক্ষা করছেন।











