অনলাইন সংকরণ: 13 April 2026 , 1:30:31 107 বার পঠিতপ্রিন্ট সংস্করণ
খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় বৈশাখী মেলার আড়ালে চলছিল লটারি ও হাউজিসহ বিভিন্ন ধরনের জুয়া খেলা, যা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়। মেলায় বিভিন্ন বয়সী মানুষ এতে অংশ নিচ্ছিল, যা সামাজিকভাবে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।
জানা যায়, উপজেলাটির সূত্র কর্মা পাড়ায় গত ১ এপ্রিল থেকে “বৈসাবী মেলা-২০২৬” শুরু হয়। এটি ছিল চাকমা, মারমা এবং ত্রিপুরা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী উৎসব—বৈসু, সাংগ্রাই, বিজু, বিহু ও বিষু উদযাপনের অংশ। মেলার উদ্বোধন করা হয়েছিল ১ এপ্রিল, এবং ১০ এপ্রিল পর্যন্ত এটি চলার কথা ছিল।
তবে, স্থানীয়দের অভিযোগ, মেলার মূল সাংস্কৃতিক কর্মকাণ্ডের আড়ালে অবাধে চলছিল লটারি, হাউজি ও অন্যান্য জুয়া খেলা। স্থানীয়দের একাংশের মতে, এসব কার্যক্রম তরুণদের জন্য অত্যন্ত ক্ষতিকর এবং এটি সমাজে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
এ ঘটনার পর প্রশাসনের হস্তক্ষেপে প্রথমে একদিন জুয়ার আসর বন্ধ করা হয়, তবে পরদিন তা পুনরায় চালু হয়। এরপর, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. আনোয়ার সাদাত এবং পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ পিপিএম-এর দ্রুত ও কঠোর পদক্ষেপে মেলার ভেতরে চলা সকল জুয়ার আসর বন্ধ করা হয়।
এতে স্থানীয় সচেতন মহল জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের পদক্ষেপকে স্বাগত জানিয়ে তাদের প্রশংসা করেছেন। একই সঙ্গে, ভবিষ্যতে এ ধরনের অনাকাঙ্ক্ষিত কার্যক্রম রোধে নিয়মিত নজরদারি চালানোর দাবি জানিয়েছেন তারা।












