সর্বশেষ

জ্বালানি সংকটে চট্টগ্রামে বিদ্যুৎ বিপর্যয় লোডশেডিংয়ে জনজীবন নাভিশ্বাস!

  চট্টগ্রাম প্রতিনিধি : 17 April 2026 , 5:03:52 71 বার পঠিতপ্রিন্ট সংস্করণ

বন্দরনগরী চট্টগ্রামে বিদ্যুৎ সংকট এখন চরমে। পর্যাপ্ত জ্বালানির অভাব এবং একাধিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ থাকায় চাহিদার তুলনায় সরবরাহে দেখা দিয়েছে বিশাল ঘাটতি। তীব্র ভ্যাপসা গরমে ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিংয়ে জনজীবন এখন বিপর্যস্ত।
সাম্প্রতিক হিসাব অনুযায়ী, চট্টগ্রামে বিদ্যুতের চাহিদা ও সরবরাহের মধ্যে ব্যবধান ক্রমেই বাড়ছে। গত ১৫ এপ্রিল দিনের বেলা ১১টার দিকে ১ হাজার ৩৮৪ মেগাওয়াট চাহিদার বিপরীতে সরবরাহ ছিল মাত্র ১ হাজার ৯৫ দশমিক ৯৬ মেগাওয়াট। সন্ধ্যার দিকে সরবরাহ কিছুটা বাড়লেও গ্রিড ব্যবস্থাপনা ও জ্বালানি সংকটের কারণে কার্যকর লোডশেডিং ২৫০ থেকে ২৮০ মেগাওয়াটের মধ্যে উঠানামা করছে। জাতীয় গ্রিডে চাপের ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
বিদ্যুৎ সংকটের মূল কারণ হিসেবে দেখা দিয়েছে ভয়াবহ জ্বালানি ঘাটতি। গ্যাসের চাপ কমে যাওয়ায় গ্যাসচালিত অধিকাংশ কেন্দ্র এখন অচল। চট্টগ্রামের দক্ষিণাঞ্চলের ২৮টি কেন্দ্রের মধ্যে ৬টি কেন্দ্র বর্তমানে পুরোপুরি বন্ধ।
কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের ২, ৩ ও ৫ নম্বর ইউনিট বন্ধ রয়েছে।
বড় বিদ্যুৎকেন্দ্র রাউজান-১ ও রাউজান-২ এবং জুডিয়াক কেন্দ্রটিও উৎপাদনে নেই।
সচল কেন্দ্রগুলোর মধ্যে এনলিমা, আনোয়ারা ইউনাইটেড ও বিআর পাওয়ার আংশিক সক্ষমতায় চলছে।
চরম দুর্ভোগে নগরবাসী: নগরীর চকবাজার, পাঁচলাইশ, আগ্রাবাদ, হালিশহর, বাকলিয়াসহ বিভিন্ন এলাকায় দিনে-রাতে কয়েকবার বিদ্যুৎ চলে যাচ্ছে। একবার লোডশেডিং হলে বিদ্যুৎ ফিরতে সময় লাগছে ২ থেকে ৩ ঘণ্টা। এতে কেবল স্বাভাবিক জীবনযাত্রাই নয়, ব্যাহত হচ্ছে ওয়াসার পানি সরবরাহও। ফলে নগরজুড়ে পানির তীব্র সংকট দেখা দিয়েছে। বিশেষ করে শিশু, বৃদ্ধ ও অসুস্থ মানুষের জন্য এই পরিস্থিতি অসহনীয় হয়ে উঠেছে।
জ্বালানি বিশেষজ্ঞদের মতে, মে-জুন মাসে তাপমাত্রা বাড়লে বিদ্যুতের চাহিদা আরও বাড়বে। বর্তমানে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে জ্বালানি আমদানি ব্যাহত হওয়ার যে আশঙ্কা তৈরি হয়েছে, তা দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে। পরিস্থিতি সামাল দিতে সরকার ইতোমধ্যে অফিস সময় কমানো এবং শপিং মল দ্রুত বন্ধের মতো পদক্ষেপ নিয়েছে।
“গ্যাস সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত লোডশেডিং কমার সম্ভাবনা ক্ষীণ। চাহিদা বাড়তে থাকলে পরিস্থিতি আরও অবনতির দিকে যেতে পারে। -সংশ্লিষ্ট কর্মকর্তা, চট্টগ্রাম পিডিবি।

আরও খবর

Sponsered content