নিজস্ব প্রতিবেদক: 7 April 2026 , 11:17:03 89 বার পঠিতপ্রিন্ট সংস্করণ
কুমিল্লার বাজারে সরকার নির্ধারিত মূল্যের তোয়াক্কা না করে চড়া দামে এলপিজি গ্যাস সিলিন্ডার বিক্রি করায় দুই প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (০৬ এপ্রিল) জেলার সদর দক্ষিণ উপজেলার শাকতলা এলাকায় এক বিশেষ অভিযানে এই জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া।
তদারকি চলাকালে দেখা যায়, বাজারে ১২ কেজির এলপিজি সিলিন্ডার খুচরা পর্যায়ে ২০০০ থেকে ২১০০ টাকায় বিক্রি করা হচ্ছে, যা নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি। অনুসন্ধানে দুটি প্রতিষ্ঠানে সুনির্দিষ্ট অনিয়ম ধরা পড়ে:
মেসার্স সরদার এন্টারপ্রাইজ, যমুনা গ্যাসের এই ডিলার প্রতিষ্ঠানটি পাইকারি পর্যায়ে প্রতি সিলিন্ডার ১৯৫০ থেকে ২০৫০ টাকায় বিক্রি করছিল। এই অপরাধে প্রতিষ্ঠানটিকে ২০,০০০ টাকা জরিমানা করা হয়।
মেসার্স রাসেল স্টোর, খুচরা পর্যায়ে অতিরিক্ত দাম রাখায় এই দোকানটিকে ২,০০০ টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে সহকারী পরিচালক মো. কাউছার মিয়া জানান,
“ভোক্তা পর্যায়ে স্বস্তি ফেরাতে এবং বাজার স্থিতিশীল রাখতে আমাদের এই তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে। আইন অমান্য করে যারা অতিরিক্ত মুনাফা আদায়ের চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
অভিযানটি পরিচালনায় কুমিল্লা জেলা পুলিশের একটি টিম সার্বিক নিরাপত্তা ও সহযোগিতা প্রদান করে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলে অধিদপ্তর সূত্রে নিশ্চিত করা হয়েছে।














