নিজস্ব প্রতিবেদক : 3 April 2026 , 4:55:52 122 বার পঠিতপ্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের উলিপুর থানা পুলিশের বিশেষ অভিযানে জুয়া খেলার অপরাধে ০৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (০২ এপ্রিল) দিবাগত রাত ১১:৩০ মিনিটে উপজেলার গুনাইগাছ ইউনিয়নের নেফড়া এলাকায় একটি আবাদী জমি থেকে তাদের হাতেনাতে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, উলিপুর থানার এসআই (নিঃ) মোঃ রাজীব হোসাইন ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, গুনাইগাছ ইউনিয়নের আমজাদ মাস্টারের আবাদী ফাঁকা জমিতে টর্চ লাইটের আলোতে টাকার বিনিময়ে তাসের মাধ্যমে জুয়া খেলা চলছে। সংবাদের সত্যতা যাচাইয়ে রাত ১২:৪৫ মিনিটে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ৬ জন জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও ৪ জন নামধারীসহ অজ্ঞাতনামা ৪/৫ জন আসামি পালিয়ে যায়।
গ্রেপ্তারকৃতরা হলেন: ১. মোঃ আক্কাছ আলী (৪৮), ২. মোঃ আশরাফুল ইসলাম (৩০), ৩. মোঃ সাইদুল ইসলাম (৩৮), ৪. আমিনুল ইসলাম (৫৪), ৫. মোঃ ফেরদৌস আলী সাদ্দাম (৩৬) এবং ৬. মোঃ ফয়জার রহমান (৩৮)। গ্রেপ্তারকৃতরা উপজেলার গুনাইগাছ ও থেতরাই ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা।
এসময় ঘটনাস্থল থেকে পুলিশ জুয়া খেলার সরঞ্জাম ২ প্যাকেট তাস, ব্যাটারী ও টেপ প্যাচানো টর্চ লাইট, ৩ ফুট লম্বা বাঁশের লাঠি, প্লাস্টিকের চট এবং জুয়ার বোর্ডে থাকা নগদ ১০,৩৯০ (দশ হাজার তিনশত নব্বই) টাকা জব্দ করে।
এই ঘটনায় গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে উলিপুর থানায় ১৮৬৭ সালের প্রকাশ্য বঙ্গীয় জুয়া আইনের ৪ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।
উলিপুর থানার অফিসার ইনচার্জ জানান, অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।












