সর্বশেষ

কালুরঘাটে ফেরিতে ওঠার সময় নদীতে তলিয়ে গেল ট্রাক, চালক আহত, হেলপার নিখোঁজ

  অনলাইন সংকরণ: 3 April 2026 , 5:11:13 127 বার পঠিতপ্রিন্ট সংস্করণ

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে সাম্প্রতিক ভয়াবহ বাস দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার চট্টগ্রামে ফেরি পারাপারের সময় দুর্ঘটনার কবলে পড়েছে একটি ট্রাক। বৃহস্পতিবার (২ এপ্রিল) দিবাগত রাত ৯টার দিকে কালুরঘাট ব্রিজের বোয়ালখালী উপজেলা অংশে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক কর্ণফুলী নদীতে তলিয়ে যায়।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাতে কালুরঘাট ফেরি পার হওয়ার জন্য পন্টুন দিয়ে ওঠার সময় ট্রাকটি হঠাৎ নিয়ন্ত্রণ হারায়। মুহূর্তের মধ্যেই সেটি উল্টে গভীর নদীতে তলিয়ে যায়। দুর্ঘটনার সময় ট্রাকে থাকা চালক নদীতে লাফিয়ে পড়ে প্রাণে বাঁচলেও গুরুতর আহত হন। তবে স্থানীয়দের দাবি, ট্রাকের হেলপার এখনো নিখোঁজ রয়েছেন।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাৎক্ষণিকভাবে ট্রাকচালককে উদ্ধার করে প্রথমে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকদের পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিখোঁজ হেলপারের সন্ধানে রাত সাড়ে ১১টা পর্যন্ত তল্লাশি চালানো হলেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে:

“স্থানীয়রা একজন নিখোঁজ থাকার তথ্য দিয়েছেন। আমাদের টিম ঘটনাস্থলে পৌঁছেছে। তবে রাতে প্রতিকূল পরিবেশ ও নিয়ম অনুযায়ী ডুবুরি দল কাজ করতে না পারায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।”

সম্প্রতি গত ২৫ মার্চ কুষ্টিয়ার দৌলতদিয়া ঘাটে যাত্রীবাহী বাস নদীতে পড়ে ২৬ জনের মৃত্যুর ঘটনার রেশ না কাটতেই কালুরঘাটের এই দুর্ঘটনা ফেরি পারাপারে যাত্রী ও চালকদের মধ্যে নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে। পন্টুনগুলোর জরাজীর্ণ দশা এবং নিরাপত্তার অভাবকে এই ধরণের দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে দেখছেন স্থানীয়রা।

শেষ খবর পাওয়া পর্যন্ত, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে শুক্রবার ভোরে পুনরায় ফায়ার সার্ভিসের ডুবুরি দলের অভিযান শুরু করার কথা রয়েছে। প্রশাসন ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছেন।

আরও খবর

Sponsered content