সর্বশেষ

দেশের ৮ জেলায় তেল সরবরাহ বন্ধ ঘোষণা

  ডেস্ক রিপোর্ট : 30 March 2026 , 12:59:48 114 বার পঠিতপ্রিন্ট সংস্করণ

নীলফামারী: নীলফামারীতে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক একটি জ্বালানি তেলবাহী ট্যাংকলরির চালকসহ তিন শ্রমিককে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদানের প্রতিবাদে ফুঁসে উঠেছে শ্রমিকরা। এর প্রতিবাদে রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের ডাকে আজ রবিবার (২৯ মার্চ) সকাল ৮টা থেকে বিভাগজুড়ে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়েছে। এতে করে রংপুর বিভাগের আট জেলায় জ্বালানি তেল সরবরাহ কার্যত অচল হয়ে পড়েছে।
জানা গেছে, গত শনিবার (২৮ মার্চ) পার্বতীপুর রেলহেড অয়েল ডিপো থেকে জ্বালানি তেল নিয়ে একটি লরি নীলফামারী যাওয়ার পথে যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে। চালক কৃষ্ণ ও সহকারী রিফাত লরিটির ডায়নামা মেরামতের জন্য রাস্তার পাশে অবস্থান করছিলেন।
সে সময় ওই পথ দিয়ে যাওয়ার সময় নীলফামারী জেলার নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ ভূইয়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। তল্লাশিকালে লরির কেবিনে দুটি জারকিনে থাকা ১০ লিটার পেট্রোল ও ২ লিটার ডিজেল জব্দ করা হয়। ম্যাজিস্ট্রেট এগুলোকে ‘অবৈধ পাচার’ হিসেবে গণ্য করে ম্যানেজার একরামুল হকসহ চালক ও সহকারীকে ছয় মাস করে কারাদণ্ড এবং মোট এক লাখ টাকা জরিমানা করেন।

শ্রমিক নেতাদের দাবি, গাড়ির যান্ত্রিক প্রয়োজনে রাখা সামান্য তেলকে পাচার হিসেবে গণ্য করে এই সাজা প্রদান সম্পূর্ণ অন্যায্য। আন্দোলনের জেরে দিনাজপুরের পার্বতীপুর রেলহেড অয়েল ডিপো থেকে তেল উত্তোলন ও পরিবহন সম্পূর্ণ বন্ধ রয়েছে। এই কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে দিনাজপুর জেলা পেট্রোল পাম্প মালিক সমিতিও।
“অবিলম্বে শ্রমিকদের মুক্তি দিতে হবে এবং অভিযুক্ত এনডিসি নিয়াজ ভূইয়াকে দ্রুত বদলি করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তেল সরবরাহ বন্ধ থাকবে।”
— আতাউর রহমান, সভাপতি, রংপুর বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন।
হঠাৎ শুরু হওয়া এই ধর্মঘটে রংপুর বিভাগের আট জেলার পেট্রোল পাম্পগুলোতে তেলের সংকট দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। দীর্ঘ সারিতে দাঁড়িয়ে থাকা যানবাহনের কারণে বিপাকে পড়েছেন সাধারণ মানুষ ও পরিবহন সংশ্লিষ্টরা।

 

আরও খবর

Sponsered content