সর্বশেষ

এক লাফে ৩৮৭ টাকা বাড়লো এলপিজি গ্যাসের দাম জনজীবনে চরম অস্বস্তি

  ডেস্ক রিপোর্ট : 2 April 2026 , 4:50:39 138 বার পঠিতপ্রিন্ট সংস্করণ

দেশের বাজারে আবারও বড় ধরনের ধাক্কা খেলো সাধারণ মানুষ। পবিত্র ঈদুল ফিতর পরবর্তী সময়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মধ্যেই এক লাফে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৩৮৭ টাকা বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে বিইআরসি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটি এই নতুন দর ঘোষণা করে। আজ সন্ধ্যা ৬টা থেকেই দেশজুড়ে এই নতুন দাম কার্যকর হবে।
বিইআরসির তথ্য অনুযায়ী, বেসরকারি খাতে এপ্রিল মাসের জন্য প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ১,৭২৮ টাকা। যা গত মার্চ মাসে ছিল মাত্র ১,৩৪১ টাকা। এছাড়া অটোগ্যাসের দামও লিটারপ্রতি বাড়িয়ে ৭৯.৭৭ টাকা করা হয়েছে। তবে সরকারিভাবে বিক্রি হওয়া সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম আগের মতোই ৮২৫ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে।
বিইআরসি জানায়, আন্তর্জাতিক বাজারে এলপিজির কাঁচামাল সৌদি প্রোপেন ও বিউটেনের (সৌদি সিপি) দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় দেশীয় বাজারেও এর প্রভাব পড়েছে। আন্তর্জাতিক বাজার দরের সঙ্গে সমন্বয় করতেই এই বড় আকারের মূল্যবৃদ্ধি করতে হয়েছে বলে সংস্থাটির দাবি।
এই দাম বৃদ্ধির খবরে সাধারণ গ্রাহকদের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। ঢাকার অনেক গৃহিণী ও ক্ষুদ্র ব্যবসায়ীরা বলছেন, “একবারে ৩৮৭ টাকা বাড়ানো মানে সাধারণ মানুষের পকেটে বড় আঘাত। দ্রব্যমূল্যের চাপে এমনিতেই দিশেহারা অবস্থা, তার ওপর গ্যাসের এই দাম জনজীবনকে আরও দুর্বিষহ করে তুলবে।”
এদিকে খুচরা বিক্রেতারা অভিযোগ করছেন, অনেক সময় সরকার নির্ধারিত দামে পাইকারি বাজার থেকে গ্যাস পাওয়া যায় না, যার ফলে সাধারণ মানুষের কাছে বাড়তি দামে গ্যাস বিক্রি করতে তারা বাধ্য হন।

আরও খবর

Sponsered content