নিজস্ব প্রতিবেদক : 25 March 2026 , 3:17:31 91 বার পঠিতপ্রিন্ট সংস্করণ
কুমিল্লায় ভয়াবহ বাস-ট্রেন সংঘর্ষে ১২ জন নিহত হওয়ার ঘটনায় রেলক্রসিংয়ের দায়িত্বে থাকা গেটম্যান মোঃ হেলাল (৪১) কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১১)। মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যায় কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার শংকুচাইল এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, গত ২২ মার্চ ভোররাত ৩টা ১০ মিনিটে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার বিশ্বরোড ফ্লাইওভারের নিচে রেলক্রসিংয়ে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ঢাকাগামী ট্রেনের সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই ১২ জন নিহত হন এবং অন্তত ২৪ জন গুরুতর আহত হন।
তদন্তে জানা গেছে, দুর্ঘটনার সময় রেলক্রসিংয়ের গেটম্যান হিসেবে দায়িত্বে ছিলেন মোঃ হেলাল। তার অবহেলার কারণে গেট বন্ধ না থাকায় বাসটি রেললাইন পার হওয়ার সময় ট্রেনের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের পর ট্রেনটি বাসটিকে প্রায় এক কিলোমিটার টেনে নিয়ে যায়, ফলে হতাহতের সংখ্যা বাড়ে।
আহতদের প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে গুরুতর আহতদের মধ্যে ১৮ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় নিহত সোহেল রানার স্বজন শেফালী আক্তার বাদী হয়ে লাকসাম রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট গেটম্যানকে আসামি করা হয়।
র্যাবের জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মোঃ হেলাল প্রাথমিকভাবে দায়িত্বে অবহেলার কথা স্বীকার করেছেন বলে জানানো হয়েছে। তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লাকসাম রেলওয়ে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
এই মর্মান্তিক দুর্ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। সংশ্লিষ্টদের দ্রুত আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।












