সর্বশেষ

সিদ্ধিরগঞ্জে গ্যাস লাইন লিকেজে ভয়াবহ বিস্ফোরণ: উড়ে গেছে রান্নাঘর ও বাথরুমের ছাদ

  নিজস্ব প্রতিবেদক: 22 March 2026 , 5:36:05 97 বার পঠিতপ্রিন্ট সংস্করণ

 নারায়ণগঞ্জের  সিদ্ধিরগঞ্জে একটি আবাসিক ভবনে পাইপলাইনের গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ওই বাড়ির রান্নাঘর ও বাথরুমের ছাদ উড়ে গেছে। শনিবার (২১ মার্চ) সন্ধ্যায় নাসিক ৭ নম্বর ওয়ার্ডের কদমতলী খালপাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, কদমতলী খালপাড় এলাকার বাসিন্দা পেয়ারা বেগমের বাড়িতে পাইপলাইনের গ্যাস লিকেজ থেকে এই বিস্ফোরণ ঘটে। লিকেজ হওয়া গ্যাস ঘরের ভেতর জমে থাকায় আকস্মিক এই বিস্ফোরণ হয়। বিস্ফোরণের শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং প্রতিবেশীরা দ্রুত নিরাপদ স্থানে সরে যান।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আদমজী ইপিজেড স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আগুনের ঝুঁকি নিরসন করে।
আদমজী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মিরন মিয়া জানান,
“প্রাথমিক তদন্তে আমরা নিশ্চিত হয়েছি যে, গ্যাস লাইনের লিকেজ থেকেই এই বিস্ফোরণ হয়েছে। ভবনের রান্নাঘর ও বাথরুমের ছাদ ক্ষতিগ্রস্ত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।”
ফায়ার সার্ভিস আরও জানায়, আসন্ন ঈদের ছুটির কারণে বাড়ির ভাড়াটিয়া ও আশপাশের মানুষজন অনেকেই গ্রামের বাড়িতে চলে গেছেন। এলাকায় মানুষের উপস্থিতি কম থাকায় একটি বড় ধরনের প্রাণহানি বা বড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গেছে বলে ধারণা করা হচ্ছে।
বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গ্যাস লাইন মেরামতের ব্যবস্থা গ্রহণ করছে।

আরও খবর

Sponsered content