সর্বশেষ

ইসরায়েলে ১০ মিনিটে ৩০ ক্ষেপণাস্ত্র ছুঁড়ল হিজবুল্লাহ

  ডেস্ক রিপোর্ট: 16 April 2026 , 2:14:18 96 বার পঠিতপ্রিন্ট সংস্করণ

লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে তাদের হামলা ব্যাপক জোরদার করেছে। বুধবার (১৫ এপ্রিল) ভোরে মাত্র ১০ মিনিটের ব্যবধানে অন্তত ৩০টি ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় বিভিন্ন শহর ও সামরিক স্থাপনা লক্ষ্য করে এই আক্রমণ চালানো হয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ও পার্স টুডে এই তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ভোরে হিজবুল্লাহর তীব্র ক্ষেপণাস্ত্র হামলা শুরু হলে সীমান্তবর্তী কিরিয়াত শামুনা শহরসহ গ্যালিলি (আল-জালিল) অঞ্চলের বিস্তীর্ণ এলাকায় উচ্চশব্দে সাইরেন বেজে ওঠে। ইসরায়েলি সংবাদমাধ্যম ‘চ্যানেল টুয়েলভ’ জানিয়েছে, শুধুমাত্র কিরিয়াত শামুনা ও এর আশপাশেই অন্তত ৮টি ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হেনেছে।

বিভিন্ন সূত্র অনুযায়ী, আল-জালিল বা গ্যালিলি অঞ্চলের পশ্চিম অংশে ১০টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এছাড়া ইসরায়েলের দখলকৃত আক্কা, নেহারিয়া, আল-জালিল আলিয়া ও পশ্চিম আল-জালিল অঞ্চলে অনবরত সাইরেন বাজতে শোনা যায়। হিজবুল্লাহর এই প্রতিশোধমূলক হামলার মুখে ওই অঞ্চলের বাসিন্দারা দীর্ঘ সময় নিরাপদ আশ্রয়ে অবস্থান নিতে বাধ্য হন।

লেবাননের এই ইসলামী প্রতিরোধ আন্দোলনটি জানিয়েছে, ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে তারা তাদের প্রতিরোধ লড়াই চালিয়ে যাবে। এরই অংশ হিসেবে উত্তর ফিলিস্তিনের দখলকৃত এলাকাগুলোতে তারা তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মাত্রা বাড়িয়েছে।

তীব্র এই হামলায় ইসরায়েলি ভূখণ্ডে কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা প্রাণহানি হয়েছে, সে সম্পর্কে ইসরায়েল সরকার এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করেনি। তবে স্থানীয় সূত্রগুলো বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে।

আরও খবর

Sponsered content