নিজস্ব প্রতিবেদক: 13 April 2026 , 9:32:56 142 বার পঠিতপ্রিন্ট সংস্করণ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সড়ক নির্মাণকাজের মান নিয়ে প্রশ্ন তোলায় এক উপ-সহকারী প্রকৌশলীকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী এক ঠিকাদারের বিরুদ্ধে। এ ঘটনার পর অভিযুক্ত ঠিকাদারকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট এম এ মান্নান।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, উপজেলার মেরকুটা বাজার থেকে শিবপুরনপর্যন্ত প্রায় সাড়ে চার কিলোমিটার সড়ক নির্মাণের একটি প্রকল্প হাতে নেওয়া হয়। ১৪ কোটি ৬৩ লাখ ৮০ হাজার টাকা ব্যয়ের এই বড় প্রকল্পটি পায় রাজশাহীর বরেন্দ্র কনস্ট্রাকশন লিমিটেড নামক একটি প্রতিষ্ঠান। তবে স্থানীয় পর্যায়ে কাজটি তদারকি করছিলেন প্রভাবশালী ঠিকাদার লোকমান হোসেন।
সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে—এমন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সোমবার (১৩ এপ্রিল) ঢাকা থেকে এলজিইডির একটি প্রতিনিধিদল এবং স্থানীয় প্রকৌশলীরা প্রকল্প এলাকা পরিদর্শনে যান। পরিদর্শনকালে কাজের মান নিয়ে আপত্তি তোলেন ও অনিয়ম চিহ্নিত করেন উপ-সহকারী প্রকৌশলী মীর্জা মো. তরিকুল ইসলাম।
এতে ক্ষিপ্ত হয়ে ঠিকাদার লোকমান হোসেন উপস্থিত কর্মকর্তাদের সামনেই প্রকৌশলী তরিকুল ইসলামকে লাঞ্ছিত করেন বলে অভিযোগ ওঠে।
ভুক্তভোগী প্রকৌশলী মীর্জা মো. তরিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন: “আমি কাজের অনিয়মগুলো ধরিয়ে দিলে ঠিকাদার লোকমান হোসেন আমার ওপর চড়াও হন। তিনি আমাকে মারধরের চেষ্টা করেন এবং হাতে বাঁশ নিয়ে ধাওয়া করেন। প্রাণভয়ে আমি দৌড়ে আত্মরক্ষা করতে বাধ্য হই।”
ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। সরকারি কাজে বাধা প্রদান এবং কর্তব্যরত কর্মকর্তাকে লাঞ্ছিত করার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট এম এ মান্নান। তিনি প্রশাসনকে সাফ জানিয়ে দিয়েছেন, অপরাধী যেই হোক না কেন, তাকে কোনো ছাড় দেওয়া হবে না। অভিযুক্ত ঠিকাদারকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার নির্দেশ দিয়েছেন তিনি।
স্থানীয়রা জানান, প্রভাবশালী হওয়ার কারণে ওই ঠিকাদার এর আগেও নানা অনিয়মের সঙ্গে জড়িত ছিলেন, কিন্তু এবার সরকারি কর্মকর্তাকে লাঞ্ছিত করায় সাধারণ মানুষের মধ্যেও ক্ষোভ বিরাজ করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।














