সর্বশেষ

চীনা নাগরিকের ওপর হামলার ঘটনায় র‍্যাবের অভিযান ৫ ডাকাত গ্রেপ্তার

  নিজস্ব প্রতিবদেক: 17 April 2026 , 3:36:07 123 বার পঠিতপ্রিন্ট সংস্করণ

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে চীনা নাগরিককে কুপিয়ে গুরুতর জখম ও সর্বস্ব লুটের ঘটনায় জড়িত ৫ ডাকাতকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১০)। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কামরুজ্জামান।

র‍্যাব জানায়, গত ১৪ এপ্রিল গভীর রাতে দক্ষিণ কেরানীগঞ্জের ইয়াং জি জিয়াং প্রকল্প এলাকায় ১৫ থেকে ১৬ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল হানা দেয়। তারা প্রকল্প এলাকায় অবস্থানরত বিদেশি নাগরিকদের লক্ষ্য করে অতর্কিত হামলা চালায় এবং নগদ অর্থ, মোবাইল ও মূল্যবান ঘড়ি লুট করে। ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে ওয়েন জিনহুয়া (৫৫) নামে এক চীনা নাগরিক গুরুতর আহত হন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর ছায়া তদন্ত শুরু করে র‍্যাব-১০। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডাকাত দলের পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন:

মাসুদ রানা (৪৩), নাছির পিয়াদা (৪০),হৃদয় মীর (২২), রোমান শেখ (৩৪), মো. মামুন (৩২)

গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে লুণ্ঠিত তিনটি বিদেশি ব্র্যান্ডের ঘড়ি, দুটি মোবাইল ফোন এবং নগদ ১৫ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এই দুর্ধর্ষ ডাকাতির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

র‍্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে নাছির পিয়াদার বিরুদ্ধে পূর্বে দুটি এবং রোমান শেখ ও মামুনের বিরুদ্ধে একটি করে মামলা রয়েছে। তারা দীর্ঘদিন ধরে ওই এলাকায় সংঘবদ্ধভাবে অপরাধ কর্মকাণ্ড চালিয়ে আসছিল।

এই ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় ১৫ থেকে ১৬ জন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে একটি ডাকাতি মামলা দায়ের করা হয়েছে। পলাতক অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

আরও খবর

Sponsered content