অনলাইন সংকরণ: 10 April 2026 , 2:06:06 155 বার পঠিতপ্রিন্ট সংস্করণ
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উমরাহ শেষে দেশে ফেরা এক যাত্রীর ব্যাগ থেকে প্রায় ৫০০ গ্রাম স্বর্ণালংকার ও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা উদ্ধার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর ১২টা ৫০ মিনিটে বিমানবন্দরের আগমনী ক্যানোপি-২-এর খোলা কার পার্কিং এলাকা থেকে মফিদুল ইসলাম (৪৩) নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। তিনি খুলনা জেলার লবণচরা এলাকার বাসিন্দা।
এপিবিএনের পক্ষ থেকে বলা হয়, তিনি সৌদি আরব থেকে SV808 ফ্লাইটে দেশে ফেরেন। বিমানবন্দরে নামার পর পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। এরপর এপিবিএন অফিসে নিয়ে তার শরীর ও ব্যাগ তল্লাশি চালিয়ে ৪৯৯.১ গ্রাম স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
উদ্ধার করা স্বর্ণের মান ছিল ২১ ক্যারেট। স্বর্ণগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৮৩ লাখ ৮৪ হাজার ৮৮০ টাকা।
স্বর্ণের পাশাপাশি তার কাছ থেকে নিম্নোক্ত বৈদেশিক মুদ্রা জব্দ করা হয়েছে— ৯ হাজার মার্কিন ডলার, ৮ হাজার ৫০১ সৌদি রিয়াল, ১ হাজার ৮০০ মিসরীয় পাউন্ড, ১৫০ রোমানিয়ান লিউ, এ ছাড়া তার কাছে ৮০ হাজার ১১৭ বাংলাদেশি টাকা পাওয়া গেছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মফিদুল ইসলাম জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে একটি চোরাচালান সিন্ডিকেটের ‘রিসিভার’ হিসেবে কাজ করছিলেন। বিভিন্ন দেশ থেকে আসা অজ্ঞাতনামা যাত্রীদের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে স্বর্ণ দেশে আনা হতো—এমন স্বীকারোক্তির কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
এ ঘটনায় মফিদুল ইসলামের বিরুদ্ধে বিমানবন্দর থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫বি(১)(বি) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এপিবিএনের পুলিশ সুপার মোহাম্মদ রেজাউল কবির বলেন, বিমানবন্দর এলাকায় চোরাচালান রোধে এপিবিএন সবসময় সক্রিয়। অবৈধ কার্যক্রম ও চোরাচালান প্রতিরোধে নজরদারি জোরদার করা হয়েছে এবং এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।














