সর্বশেষ

কুমিল্লায় যৌথ ও পৃথক অভিযানে বিপুল মাদক উদ্ধার, আটক ৩

  নিজস্ব প্রতিবেদক: 29 March 2026 , 11:51:27 69 বার পঠিতপ্রিন্ট সংস্করণ

কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশ ও বিজিবির যৌথ এবং পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মোট ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

গত ৯ মার্চ রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটে কোতয়ালী মডেল থানার জগন্নাথপুর ইউনিয়নের শাহাপুর এলাকার মাদক মামলার পলাতক আসামি মো. শহিদুল ইসলাম (৩৯)-কে গ্রেফতারের লক্ষ্যে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন থানার অফিসার ইনচার্জ তৌহিদুল আনোয়ার। এতে পুলিশ ও বিজিবির সদস্যরা অংশ নেন।

অভিযান চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে আবেদ আলী (৬৮), পিতা মৃত আজগর আলী, সাং নয়নখাল, থানা তারাগঞ্জ, জেলা রংপুর বলে পরিচয় দেন। তার আচরণ সন্দেহজনক মনে হওয়ায় দেহ তল্লাশি চালিয়ে লুঙ্গির ভাঁজে রাখা একটি প্যাকেট থেকে ১৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পরবর্তীতে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পলাতক আসামি শহিদুল ইসলামের বাড়িতে তল্লাশি চালিয়ে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে—ব্রু কোড ২০ পিস, ইস্কার্ফ ৫০ পিস, অফিসারস চয়েজ হুইস্কি ৩৮ বোতল, কিংফিশার বিয়ার ১৫ বোতল, ম্যাজিক মোমেন্টস ভদকা ৩ বোতল এবং ব্লেন্ডার্স প্রাইড হুইস্কি ৮ বোতল। এসব আলামত আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়।

অন্যদিকে, একই সময়ে কোতয়ালী থানা এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযানে কুমিল্লা হাউজিং এস্টেট এলাকা থেকে ১০০ পিস ইয়াবাসহ মো. আবুল হোসেন (৪০)-কে গ্রেফতার করা হয়। এছাড়া চৌমুহনী এলাকা থেকে শামীম হোসেন (২৪)-কে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক করা হয়।

পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

আরও খবর

Sponsered content