সর্বশেষ

কুমেক হসপিটালে ভূল চিকিৎসায় রুগীর মৃত্যু  সাংবাদিকদের ওপর হামলা

  নিজস্ব প্রতিবেদক: 22 March 2025 , 5:08:07 137 বার পঠিতপ্রিন্ট সংস্করণ

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভুল চিকিৎসায় মৃত্যুর সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন চার সাংবাদিক।

গতকাল শুক্রবার (২১ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে সংবাদ সংগ্রহ করতে গেলে একদল ইন্টার্ন চিকিৎসক তাদের ওপর অতর্কিত হামলা চালায়।

হামলার শিকার সাংবাদিকরা হলেন,যমুনা টিভির কুমিল্লা প্রতিনিধি রফিকুর ইসলাম খোকন চৌধুরী, ক্যামেরা পার্সন সাকিব, চ্যানেল ২৪ এর প্রতিনিধি জাহিদ রহমান এবং ক্যামেরা পার্সন ইরফান। হামলার সময় সাংবাদিকদের শারীরিকভাবে আক্রমণ করা হয় এবং তাদের ক্যামেরা ও মোবাইল ফোন ভেঙে দেওয়া হয়।

যমুনা টিভির কুমিল্লা প্রতিনিধি খোকন চৌধুরী বলেন, “ভুল চিকিৎসায় একজন নিহত হওয়ার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছালে,আমাদের ওপর হামলা চালানো হয়। এর আগেও বেশ কয়েকবার আমরা সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছি।”

কুমিল্লা কোতোয়ালী মডেল থানার ওসি মাইনুল ইসলাম বলেন, “সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় আমরা ঘটনাস্থলে গিয়েছি। অভিযুক্তদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে, কুমিল্লা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মীর শাহ আলম বলেন, “এটি খুবই নিন্দনীয় একটি ঘটনা। সাংবাদিকদের উপর হামলার ঘটনা অবিলম্বে বিচারের আওতায় আনা না হলে কঠোর আন্দোলনে যেতে হবে।”

কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক বলেন, “এ ধরনের হামলা সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তার জন্য হুমকি। আমরা দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাই।”

এ বিষয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মাসুদুর পারভেজের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি কোন মন্তব্য করেন নি। 

আরও খবর

Sponsered content