জাতীয়

বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছিল ‘আকসা’: অস্ত্র ও ড্রোনসহ ৪ জনকে ধরল ডিবি

  রাজধানী প্রতিনিধি : 30 April 2026 , 8:06:14 125 বার পঠিতপ্রিন্ট সংস্করণ

রাজধানীর কামরাঙ্গীরচর ও কেরানীগঞ্জ এলাকায় পৃথক অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলি ও ড্রোনসহ নিষিদ্ধ উগ্রবাদী সংগঠনের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃতরা হলেন— মো. ইমরান চৌধুরী (২৯), মো. মোস্তাকিম চৌধুরী (২৫), রিপন হোসেন শেখ (২৮) এবং আবু বক্কর (২৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা নিষিদ্ধ উগ্রবাদী সংগঠন ‘আকসা’র সক্রিয় সদস্য বলে ধারণা করা হচ্ছে। তারা দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন স্থানে বড় ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড এবং গুপ্ত হামলা চালানোর পরিকল্পনা করে আসছিল।
সূত্র আরও জানায়, এই ধ্বংসাত্মক উদ্দেশ্য বাস্তবায়নের জন্যই তারা অত্যন্ত গোপনীয়তার সঙ্গে অত্যাধুনিক ড্রোন, আগ্নেয়াস্ত্র, গুলি এবং অন্যান্য সরঞ্জাম সংগ্রহ করে সংঘবদ্ধ হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ডিবি পুলিশের একটি চৌকস দল কামরাঙ্গীরচর ও কেরানীগঞ্জে অভিযান চালিয়ে তাদের এসব সরঞ্জামসহ হাতেনাতে গ্রেপ্তার করে।
ইতিমধ্যেই গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মামলা দায়েরসহ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হলে এই পরিকল্পনার সঙ্গে আরও কারা জড়িত, সে বিষয়ে বিস্তারিত তথ্য বেরিয়ে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরও খবর

Sponsered content