সর্বশেষ

বাঁশখালীর সেই ইউপি চেয়ারম্যানের ৭ বছর কারাদণ্ড

  অনলাইন সংকরণ: 17 April 2026 , 3:20:29 113 বার পঠিতপ্রিন্ট সংস্করণ

জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের দায়ে চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীকে ৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মিজানুর রহমানের আদালত এই রায় ঘোষণা করেন।

দুর্নীতি দমন কমিশন (দুদক) আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে ৭ বছরের কারাদণ্ড এবং ৫৬ লাখ ৭১ হাজার ১৪ টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ অনাদায়ে তাকে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. রেজাউল করিম রনি রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

২০২৩ সালের ২৮ ডিসেম্বর দুদকের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২-এ মামলাটি দায়ের করা হয়। তদন্ত শেষে ২০২৫ সালের ৩ জুলাই তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়েছিল। মামলার এজাহার অনুযায়ী, মুজিবুল হকের মোট ১ কোটি ৭৭ লাখ ৯৮ হাজার ৮৩২ টাকার সম্পদের মধ্যে ৫৬ লাখ ৭১ হাজার ১৪ টাকার সম্পদের কোনো বৈধ উৎস খুঁজে পায়নি দুদক।

সাজাপ্রাপ্ত এই সাবেক চেয়ারম্যান ইতিপূর্বে একাধিকবার সংবাদ শিরোনাম হয়েছেন। বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বিরুদ্ধে অত্যন্ত ঔদ্ধত্যপূর্ণ ও আক্রমণাত্মক বক্তব্য দিয়ে দেশব্যাপী বিতর্কের জন্ম দিয়েছিলেন তিনি। এছাড়া ২০২৪ সালের এপ্রিলে তার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে চাম্বল ইউনিয়নের ১০ জন ইউপি সদস্য অনাস্থা প্রস্তাব দিয়েছিলেন এবং তাকে অপসারণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপিও জমা দিয়েছিলেন।

আদালত রায়ে উল্লেখ করেন, জনপ্রতিনিধি হিসেবে ক্ষমতার অপব্যবহার করে অবৈধ সম্পদ অর্জন আইনের দৃষ্টিতে দণ্ডনীয় অপরাধ। এই রায়ের মাধ্যমে সমাজে দুর্নীতির বিরুদ্ধে একটি কঠোর বার্তা দেওয়া হলো।

আরও খবর

Sponsered content