সর্বশেষ

বার কাউন্সিল নির্বাচন স্থগিত

  নিজস্ব প্রতিবেদক : 16 April 2026 , 1:32:38 114 বার পঠিতপ্রিন্ট সংস্করণ

সারাদেশে বিদ্যমান তীব্র জ্বালানি সংকটের কারণে বাংলাদেশ বার কাউন্সিলের আসন্ন নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) বার কাউন্সিল ভবনে অনুষ্ঠিত এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বার কাউন্সিলের এক বিবৃতিতে জানানো হয়েছে, বর্তমান জ্বালানি সংকটের ফলে নির্বাচনে অংশগ্রহণকারী আইনজীবীদের দেশব্যাপী নির্বাচনি প্রচারণা কার্যক্রম মারাত্মকভাবে বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। প্রচারণার স্বাভাবিক পরিবেশ না থাকায় সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, বর্তমান পরিস্থিতি বিবেচনায় নিয়ে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন, ঢাকা আইনজীবী সমিতি এবং চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতিসহ দেশের বিভিন্ন জেলা বার সমিতি থেকে নির্বাচন স্থগিত করার জন্য আবেদন ও অনুরোধ জানানো হয়েছিল। আইনজীবীদের এসব দাবি ও সংকটময় পরিস্থিতি পর্যালোচনা করেই জরুরি ভিত্তিতে নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নেয় কাউন্সিল।

ঘোষিত তফশিল অনুযায়ী, আগামী ১৯ মে সাধারণ আসনের ৭টি এবং আঞ্চলিক আসনের ৭টিসহ মোট ১৪টি পদে এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

নির্বাচন স্থগিত করা হলেও পরবর্তী তারিখ সম্পর্কে এখনো কোনো সুনির্দিষ্ট তথ্য জানায়নি বার কাউন্সিল কর্তৃপক্ষ। পরিস্থিতি স্বাভাবিক হলে নতুন সময়সূচি ঘোষণা করা হবে বলে ধারণা করা হচ্ছে।

আরও খবর

Sponsered content