সর্বশেষ

কুমিল্লার দাউদকান্দিতে ট্রাক উল্টে নিহত ৭ জেলা প্রশাসনের আর্থিক সহায়তা ঘোষণা

  নিজস্ব প্রতিবেদক: 14 April 2026 , 12:58:12 99 বার পঠিতপ্রিন্ট সংস্করণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি অংশে চাল বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে খাদে পড়ে অন্তত ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। মঙ্গলবার (১৪ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ৩টা ১০ মিনিটের দিকে দাউদকান্দির হাসানপুর তাসফিন পাম্পের উল্টো দিকে চট্টগ্রামমুখী লেনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার খালিবপুর গ্রামের আজাদের ছেলে মোহাম্মদ আফজাল হোসেন (৩৫), আলমের ছেলে সোহরাব হোসেন (৪০), ফজলুর রহমানের ছেলে সালেক (৪৫), পলাশের ছেলে সুমন (২১), একই গ্রামের বিষু (৩৫) এবং বিরামপুর থানার ভাইঘর গ্রামের মজিরুল ইসলামের ছেলে আবু হোসেন (৩০) ও রকিবুল্লার ছেলে আব্দুর রশিদ (৫৫)।

প্রশাসন ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, দিনাজপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী একটি চাল বোঝাই ট্রাক (রেজিষ্ট্রেশন নম্বর: ঢাকা মেট্রো-ট- ১৩-১২০৯) মহাসড়কের দাউদকান্দি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে ট্রাকটি মহাসড়কের নিচে পড়ে যায়। ঝুঁকিপূর্ণভাবে ট্রাকের চালের বস্তার ওপর ১৩ জন যাত্রী ভ্রমণ করছিলেন। ট্রাকটি উল্টে গেলে ওই যাত্রীরা নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই ৭ জন নিহত হন এবং বাকি ৬ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত উদ্ধার অভিযান শুরু হয়। রেকার দিয়ে দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করার সময় মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে যান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখতে হয়, যার ফলে ওই অংশে কিছুটা যানজটের সৃষ্টি হয়েছিল। তবে উদ্ধারকাজ সম্পন্ন হওয়ার পর বর্তমানে ওই সড়কে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।
দুর্ঘটনার পর কুমিল্লার জেলা প্রশাসক মু: রেজা হাসান হতাহতদের জন্য আর্থিক সহায়তা ঘোষণা করেছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত প্রত্যেকের পরিবারকে ২৫ হাজার টাকা এবং আহতদের চিকিৎসার জন্য ১৫ হাজার টাকা করে প্রদান করা হচ্ছে।
দাউদকান্দি উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে উদ্ধারকাজ ও আর্থিক সহায়তা প্রদানের বিষয়টি পরিচালিত হচ্ছে।

আরও খবর

Sponsered content