সর্বশেষ

ফতুল্লায় জুট নিয়ে দ্বন্দ্বে গোলাগুলি কুয়াকাটায় আত্মগোপনে থাকা ৩ আসামি গ্রেফতার

  নারায়নগঞ্জ ফতুল্লা প্রতিনিধি : 16 April 2026 , 11:57:58 47 বার পঠিতপ্রিন্ট সংস্করণ

নারায়ণগঞ্জের ফতুল্লায় গার্মেন্টসের জুট ব্যবসাকে কেন্দ্র করে গোলাগুলি ও দুইজনের গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় জড়িত তিন আসামিকে পটুয়াখালীর কুয়াকাটা থেকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার (১৪ এপ্রিল) দিবাগত রাত সোয়া ২টার দিকে কুয়াকাটার ‘গ্র্যান্ড সাফা’ হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ফতুল্লা মডেল থানা পুলিশের একটি দল।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ এপ্রিল (বৃহস্পতিবার) সকাল আনুমানিক ১০টার দিকে ফতুল্লার চাঁদনী হাউজিং এলাকার “বেস্ট স্টাইল কম্পোজিট” নামক একটি গার্মেন্টস প্রতিষ্ঠানের জুট নামানোকে কেন্দ্র করে স্থানীয় দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় পথচারী ইমরান নামের ১৩ বছর বয়সী এক মাদ্রাসাছাত্র এবং রাকিবুল হাসান রাকিব (২৩) নামের এক যুবক গুলিবিদ্ধ হন।
পরবর্তীতে এ ঘটনায় গুলিবিদ্ধ রাকিবের বাবা মো. হোসেন খোকা (৫৩) বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
মামলা রুজু হওয়ার পর নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশে আসামিদের গ্রেফতারে তৎপর হয় ফতুল্লা থানা পুলিশ। এসআই (নিঃ) মো. রফিক (পিপিএম) এবং এসআই (নিঃ) শামীমের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল বিভিন্ন স্থানে অভিযান চালায়। একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে কুয়াকাটার একটি হোটেলে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
গ্রেফতার কৃতরা হলো ১৷ মো. খাইরুল আলম জসিম (৫৩): ফতুল্লার ধর্মগঞ্জ পশ্চিম পাড়া এলাকার মৃত মোয়াজ্জেম হোসেনের ছেলে (মামলার এজাহারভুক্ত আসামি)। ২৷ মো. লিয়ন মাহমুদ আকাশ (২২), বরিশালের মেহেন্দীগঞ্জ থানাধীন চর শেফালীর মো. হারুন হাওলাদারের ছেলে এবং বর্তমানে ফতুল্লার মুসলিম নগর প্রেম রোডের ভাড়াটিয়া (মামলার এজাহারভুক্ত আসামি)। ৩৷ মো. মনির হোসেন (৪৮), ফতুল্লার মুসলিম নগর (শ্রীদরদী) এলাকার মৃত শামছুদ্দিনের ছেলে (তদন্তে প্রাপ্ত আসামি)।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত তিন আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদনসহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আরও খবর

Sponsered content