সর্বশেষ

খাটের নিচে তেলের খনি! সেনবাগে ব্যবসায়ীর বাড়িতে মিলল ৫ হাজার ৫০০ লিটার তেল

  নোয়াখালী জেলা প্রতিনিধি: 15 April 2026 , 1:22:00 62 বার পঠিতপ্রিন্ট সংস্করণ

নোয়াখালীর সেনবাগ উপজেলায় এক ব্যবসায়ীর বাড়িতে বিশেষ অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ৫ হাজার ৫০০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে অবৈধ মজুতের দায়ে অভিযুক্ত ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে উপজেলার সেনবাগ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মধ্য কাদরা এলাকায় এই অভিযান পরিচালনা করেন সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর পেয়ারা বেগম।

গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, স্থানীয় ব্যবসায়ী ইশতিয়াক ভূঁইয়া খুচরা বাজারে জ্বালানি তেল বিক্রি না করে অধিক মুনাফার আশায় নিজ বাড়িতে বিপুল পরিমাণ তেল মজুত করে রেখেছেন। এই তথ্যের ভিত্তিতে বিকেলে তার বাড়িতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ড্রামে সংরক্ষিত অবস্থায় ৪ হাজার লিটার ডিজেল এবং ১ হাজার ৫০০ লিটার পেট্রোল উদ্ধার করা হয়।

অবৈধভাবে জ্বালানি তেল মজুত করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টার অপরাধে ব্যবসায়ী ইশতিয়াক ভূঁইয়াকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর পেয়ারা বেগম গণমাধ্যমকে জানান, “জব্দকৃত তেলগুলো পরবর্তীতে মাইকিং করে সাধারণ ক্রেতাদের কাছে নায্য মূল্যে বিক্রি করে দেওয়া হবে। জনস্বার্থে এবং বাজার নিয়ন্ত্রণে অবৈধ মজুতদারদের বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।”

. 

নিউজ নেস্ট প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৬//

আরও খবর

Sponsered content