অনলাইন সংকরণ: 10 April 2026 , 2:52:49 91 বার পঠিতপ্রিন্ট সংস্করণ
দুর্নীতির মামলায় গাজীপুর সিটি করপোরেশনের বরখাস্ত নির্বাহী প্রকৌশলী ইব্রাহিম খলিলকে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার গাজীপুর আদালতে তাকে হাজিরা দিতে গেলে বিচারক তার জামিনের আদেশ বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এ তথ্য জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মোস্তফা কামাল হোসেন।
মামলার বরাতে পিপি জানান, ইব্রাহিম খলিল জ্ঞাত আয়বহির্ভূত এক কোটি ৪৬ লাখ ৪৯ হাজার টাকার বেশি সম্পদ অর্জন করেছেন। পাশাপাশি তার বিভিন্ন ব্যাংক হিসাবে বেতন-ভাতার বাইরে আট কোটি ৭১ লাখ ৪১ হাজার টাকার বেশি সন্দেহজনক ও অস্বাভাবিক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে।
দুদক সূত্রে জানা যায়, এই মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়েছে। এরপর গত বছরের ১৫ অক্টোবর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ইব্রাহিম খলিলকে সাময়িক বরখাস্ত করে চাকরি থেকে অপসারণের প্রক্রিয়া শুরু করে। একই মামলায় তার স্ত্রী মনোয়ারা বেগমও আসামি।
এদিকে দুদক গাজীপুর-নরসিংদী সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. নাজমুল হোসেন জানিয়েছেন, এই মামলায় দুজনের বিরুদ্ধেই অভিযোগপত্র দেয়া হয়েছে।














