সর্বশেষ

কুমিল্লা ০৮ আসনের সাবেক এমপি নাছিমুল কারাগারে

  অনলাইন ডেস্ক: 31 December 2024 , 10:44:05 133 বার পঠিতপ্রিন্ট সংস্করণ

বৈষম্যবিরোধী আন্দোলনে মহাখালী ফ্লাইওভারের নিচে মো. শাহজাহান (২২) নামে কারখানার এক কর্মীকে হত্যার অভিযোগে করা মামলায় কুমিল্লা ৮ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাসিমুল আলম চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর তাকে মামলায় গ্রেপ্তার দেখানোসহ কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা বনানী থানার উপ-পরিদর্শক ইয়াছির আরাফাত।

এ সময় আসামিপক্ষের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহ জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এদিকে তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক ইয়াছির আরাফাত আসামিকে কারাগারে আটক রাখার আবেদনে বলেন, আসামি নাসিমুল আলম চৌধুরী পূর্ববর্তী সরকারের বিভিন্ন অবৈধ কাজে সহায়তাকারী, ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও আর্থিক অনিয়মের সাথে জড়িত। বর্তমানে অন্তবর্তীকালীন সরকারের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রমূলক কার্যক্রম করে দেশকে অস্থিতিশীল করার গোপন ষড়যন্ত্র ও বিগত সরকারের সন্ত্রাসীদের অর্থের জোগান দিয়ে সক্রিয় করার পরিকল্পনায় লিপ্ত রয়েছে মর্মে জনশ্রুতি রয়েছে। আসামি জামিনে মুক্তি পেলে পলাতক হওয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে সোমবার (৩০ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে বনানীর হেলমেট টাওয়ার থেকে নাসিমুল আলম চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। এরপর মো. শাহজাহান হত্যা মামলার সন্দেহভাজন আসামি হিসেবে তাকে গ্রেপ্তার দেখানো হয়।
এদিকে মামলার এজাহার থেকে জানা যায়, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই ঢাকার একটি কারখানার কর্মী মো. শাহজাহান বনানী থানাধীন মহাখালী ফ্লাইওভারের নিচে শান্তিপূর্ণ মিছিলে অংশগ্রহণ করেন। এ সময় আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিলে দেশীয় অস্ত্রসহ আগ্নেয়াস্ত্র দিয়ে গুলিবর্ষণ করে। তখন ভিকটিম শাহজাহান বুকে ও পেটে গুলিবিদ্ধ হন। এরপর ৪ দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এ ঘটনায় গত ১৮ ডিসেম্বর ভিকটিমের মা সাজেদা বনানী থানায় ৯৭ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

আরও খবর

Sponsered content