নিজস্ব প্রতিবেদক: 9 April 2026 , 8:50:46 117 বার পঠিতপ্রিন্ট সংস্করণ
কুমিল্লা নগরীর পশ্চিম রেইসকোর্স এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১১৯০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৩ লক্ষ ৩১ হাজার ৪০০ টাকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—জুবায়ের হোসেন জুয়েল (৩৩) ও তার স্ত্রী স্বপ্না বেগম (৩১)। পুলিশ জানিয়েছে, জুয়েল একটি মাদক মামলার ২ বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি।
পুলিশ সূত্রে জানা যায়, গত ০৮ এপ্রিল ২০২৬ তারিখ রাতে গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জের (ওসি) নেতৃত্বে শাসনগাছা রেল গেইট সংলগ্ন পশ্চিম রেইসকোর্স এলাকায় বিশেষ মাদক বিরোধী অভিযান চালানো হয়। অভিযানে সাজাপ্রাপ্ত আসামি জুয়েল ও তার স্ত্রীকে আটক করা হয়।
পরবর্তীতে তল্লাশি চালিয়ে তাদের বসতঘরের একটি ভাঙা চেয়ারের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১১৯০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ। একই সঙ্গে মাদক বিক্রির নগদ ৩,৩১,৪০০ টাকা জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে ভারতীয় সীমান্ত এলাকা থেকে স্বল্পমূল্যে মাদক সংগ্রহ করে কুমিল্লা শহরসহ দেশের বিভিন্ন প্রান্তে উচ্চমূল্যে বিক্রি করে আসছিল।
কোতয়ালী মডেল থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আজ (০৯ এপ্রিল) বিধি মোতাবেক তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই জিরো টলারেন্স নীতি ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।











