সর্বশেষ

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

  নিজস্ব প্রতিবেদক | পাটগ্রাম, লালমনিরহাট: 8 April 2026 , 11:33:52 107 বার পঠিতপ্রিন্ট সংস্করণ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আলী হোসেন (৪৯) নামে এক বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। বুধবার (৮ এপ্রিল) ভোরে সীমান্তের শূন্য রেখা পেরিয়ে ভারতের অভ্যন্তরে এই প্রাণহানির ঘটনা ঘটে। নিহত আলী হোসেন পাটগ্রামের ধবলগুড়ি এলাকারই বাসিন্দা।

স্থানীয় ও বিজিবি সূত্রে জানা যায়, তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর অধীন ধবলগুড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকার ৮৭৪/৫-এস নম্বর সীমান্ত পিলার সংলগ্ন স্থানে এই ঘটনা ঘটে। শূন্য রেখা থেকে আনুমানিক ৫০০ গজ ভারতের অভ্যন্তরে সাতগ্রাম বিএসএফ ক্যাম্প এলাকায় বুধবার রাত ২টা ৫০ মিনিট এবং ভোর ৪টা ৫০ মিনিটে পৃথকভাবে দুই দফা গুলির শব্দ শুনতে পান স্থানীয়রা। পরবর্তীতে সকাল ৬টা ৩৫ মিনিটে বিজিবি এবং বিএসএফের ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে নিহতের বিষয়টি জানা যায়।
বিএসএফের ভাষ্য অনুযায়ী, বুধবার ভোরে ৭ থেকে ৮ জন বাংলাদেশি নাগরিক ভারতীয় সীমান্তে কাঁটাতারের বেড়া কাটার উদ্দেশ্যে প্রবেশ করে। এ সময় বিএসএফ সদস্যরা তাদের বাধা দিলে কথিত চোরাকারবারিদের সঙ্গে বিএসএফের ধস্তাধস্তি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিএসএফ প্রথমে সতর্কতামূলক গুলি ছোড়ে এবং এক পর্যায়ে তাদের গুলিতে আলী হোসেন গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় বিএসএফ তাকে নিজেদের হেফাজতে নিয়ে ভারতের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তিস্তা ব্যাটালিয়নের (৬১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনিম জানিয়েছেন, ঘটনার বিস্তারিত যাচাই-বাছাই ও তথ্য সংগ্রহের কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি উদ্ভূত পরিস্থিতিতে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ব্যাটালিয়ন ও সেক্টর কমান্ডার পর্যায়ে স্পট মিটিংয়ের (পতাকা বৈঠক) উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও খবর

Sponsered content