সর্বশেষ

কুমিল্লায় লেভেল ক্রসিংয়ে ভয়াবহ দুর্ঘটনা: বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১২, আহত ৮

  নিজস্ব প্রতিবেদক: 22 March 2026 , 7:22:17 133 বার পঠিতপ্রিন্ট সংস্করণ

কুমিল্লার পদুয়ায় বাজার লেভেল ক্রসিংয়ে ঈদুল ফিতরের রাতে এক ভয়াবহ দুর্ঘটনায় বাসের ১২ জন যাত্রী নিহত হয়েছেন। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এই পয়েন্টে চট্টগ্রামগামী ‘ঢাকা মেইল’ ট্রেনের সাথে ‘মামুন স্পেশাল পরিবহনের’ একটি বাসের সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।

শনিবার দিবাগত রাত ৩টার দিকে চুয়াডাঙ্গা থেকে লক্ষ্মীপুরগামী বাসটি পদুয়ায় বাজার রেল ক্রসিং অতিক্রম করার সময় ঢাকা মেইল ট্রেনের সামনে পড়ে যায়। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সংঘর্ষের পর ট্রেনটি বাসটিকে দুমড়ে-মুচড়ে প্রায় এক কিলোমিটার পথ টেনে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই বেশ কয়েকজন প্রাণ হারান।

কুমিল্লা ইপিজেড ফাঁড়ি পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় দ্রুত উদ্ধার কাজ শুরু করেন। ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ ইদ্রিস জানান, দুর্ঘটনাকবলিত বাস থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে তারা হাসপাতালে পাঠান। তার আগেই স্থানীয়রা বাকিদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার অজয় ভৌমিক নিশ্চিত করেছেন যে, মোট ১২ জনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। নিহতদের মধ্যে শিশু এবং ২-৩ জন নারী রয়েছেন। এছাড়া আরও অন্তত ৮ জন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন, যাদের অধিকাংশেরই মাথায় গুরুতর আঘাত লেগেছে।

প্রাথমিকভাবে অসাবধানতাকে দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে ধারণা করা হচ্ছে। পুলিশ পরিদর্শক সাইফুল ইসলাম জানান “তদন্ত চলছে। তবে ধারণা করা হচ্ছে, বাসটি সিগন্যাল অমান্য করে রেললাইনে উঠে যাওয়ার কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।”

অন্যদিকে, রেল ক্রসিংয়ের গেটম্যান দায়িত্ব পালন করছিলেন কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা।

আরও খবর

Sponsered content