সর্বশেষ

সন্ত্রাস, মাদক ও অপরাধ দমনে র‍্যাবের ‘জিরো টলারেন্স’ গত ৯০ দিনের সাফল্যের প্রকাশ

  নিজস্ব প্রতিবেদক: 5 April 2026 , 2:32:13 111 বার পঠিতপ্রিন্ট সংস্করণ

সন্ত্রাস ও মাদকমুক্ত বাংলাদেশ গড়তে র‍্যাবের ‘জিরো টলারেন্স’: গত ৯০ দিনে ৫,৫৩৯ জন গ্রেপ্তার

​সন্ত্রাস, মাদক ও অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি পুনর্ব্যক্ত করেছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-এর নবনিযুক্ত মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ। দায়িত্ব গ্রহণের পর আজ প্রথমবারের মতো সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি গত ৯০ দিনে বাহিনীর দেশব্যাপী পরিচালিত অভিযানের অভাবনীয় সাফল্যের চিত্র তুলে ধরেন। একটি নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি জানান, গত তিন মাসে বিভিন্ন অপরাধে ৫,৫৩৯ জনকে আইনের আওতায় আনা হয়েছে।

দায়িত্ব গ্রহণের পরই তিনি সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করেন। মতবিনিময় সভায় তিনি একটি নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে গত ৯০ দিনে র‍্যাবের দেশব্যাপী পরিচালিত অভিযানের সার্বিক সাফল্যের চিত্র তুলে ধরেন।

অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার অভিযান: গত ৯০ দিনে র‍্যাব দেশব্যাপী অভিযান পরিচালনা করে ৩৩১টি আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং ১০৪ জন অবৈধ অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি অভিযান হলো:
৮ ফেব্রুয়ারি: চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে ৬.২৭ কেজি গানপাউডার উদ্ধার।
২৬ ফেব্রুয়ারি: সিলেটের জৈন্তাপুর এলাকা থেকে ৬০টি পাওয়ার জেল, ২৮টি নন-ইলেকট্রিক ডেটোনেটর এবং ২৪টি ককটেল উদ্ধার।
৯ মার্চ: সিরাজগঞ্জের সলঙ্গায় শীর্ষ সন্ত্রাসী ‘কার্বন বাহিনী’ ও ‘কালু বাহিনী’র দুই সক্রিয় সদস্য এবং শুটার রাকিব ও আলমগীরকে বিদেশি পিস্তল, রাইফেল ও ১০০০ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার।
১০ মার্চ: মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানা এলাকায় অভিযান চালিয়ে দুটি আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন এবং ২১ রাউন্ড গুলিসহ ৩ জনকে গ্রেপ্তার।
২৭ মার্চ: রাজধানীর রূপনগরে পল্লবী থানার যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যা মিশনে অংশ নেওয়া শুটার মাহমুদ রাশেদকে বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার।

সীতাকুণ্ডে যৌথ অভিযান ও ডিএডি মোতালেব হত্যা: গত ১৯ জানুয়ারি চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাবের ডিএডি মোতালেব হোসেন নিহত হন। এই ঘটনায় ২৯ জনকে অভিযুক্ত করে হত্যা মামলা দায়ের করা হয়। পরবর্তীতে গত ৯ মার্চ পুলিশ ও র‍্যাবের যৌথ সাঁড়াশি অভিযানে জঙ্গল সলিমপুর এলাকা থেকে ২০ জনকে গ্রেপ্তার করা হয় এবং বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
চাঞ্চল্যকর হত্যা, অপহরণ ও নারী নির্যাতন: গত তিন মাসে হত্যা মামলায় ৪৮৪ জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। উল্লেখযোগ্য গ্রেপ্তারগুলোর মধ্যে রয়েছে ৮ মার্চ ঝিনাইদহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা সাকির আহমেদ হত্যা মামলার ৩ আসামি এবং ২১ মার্চ মাদারীপুরে পিতা মন্টু শিকদার হত্যার আসামি কাইয়ুম ও নাসির শিকদার।
এছাড়া, ২২ মার্চ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অপহৃত দুই বছরের শিশু মুজাহিদকে রাজধানীর ধলপুর থেকে উদ্ধার করে অপহরণকারী এস এম তানভীরকে গ্রেপ্তার করা হয়। নারী ও শিশু নির্যাতন রোধে র‍্যাবের কঠোর অবস্থানের কারণে ঢাকা, কেরানীগঞ্জ, নরসিংদী, সুনামগঞ্জসহ দেশব্যাপী বিভিন্ন ধর্ষণ মামলায় গত ৯০ দিনে ১৭৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মাদকবিরোধী অভিযান ও অন্যান্য অপরাধ দমন: মাদক নির্মূলে র‍্যাব গত তিন মাসে ১,০১৫ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। এসব অভিযানে ২৪ কেজির অধিক হেরোইন, ১৫ লক্ষ পিস ইয়াবা, ৫,০০০ কেজি গাঁজা, ৭,০০০ বোতল ফেনসিডিল এবং ৪,০০০ লিটার বিদেশি মদ উদ্ধার করা হয়।
পাশাপাশি ছিনতাইকারী, ডাকাত, মানবপাচারকারী, ওয়ারেন্টভুক্ত আসামি, জালনোট প্রস্তুতকারক এবং পর্নোগ্রাফিসহ অন্যান্য অপরাধে আরও ৩,৪৭৩ জনকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে।
সাংবাদিকদের প্রতি মহাপরিচালকের আহ্বান: উপস্থিত সাংবাদিকদের ‘সমাজের দর্পণ’ আখ্যা দিয়ে র‍্যাবের মহাপরিচালক বলেন, “অতীতে আপনারা যেভাবে তথ্য দিয়ে অপরাধ দমনে সহায়তা করেছেন এবং র‍্যাবের অর্জনকে জাতির সামনে তুলে ধরেছেন, ভবিষ্যতেও সেই গঠনমূলক সমালোচনা ও সহযোগিতা অব্যাহত রাখবেন বলে আশা করি।”
সবার সম্মিলিত সহযোগিতায় একটি বাসযোগ্য, স্থিতিশীল ও অপরাধমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে আইনশৃঙ্খলা বাহিনী দৃঢ়প্রতিজ্ঞ বলে তিনি তাঁর বক্তব্য শেষ করেন।

আরও খবর

Sponsered content