ডেস্ক রিপোর্ট: 1 April 2026 , 4:28:30 66 বার পঠিতপ্রিন্ট সংস্করণ
রাজধানীর পুরান ঢাকার বংশাল এলাকার কেপি ঘোষ স্ট্রিটের একটি ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩১ মার্চ) রাত পৌনে ৩টার দিকে এই আগুনের সূত্রপাত হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট নিরলস কাজ করে যাচ্ছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর সদরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রাত পৌনে ৩টায় আগুনের সংবাদ পাওয়ার পরপরই দ্রুত ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পাঠানো হয়। আগুনের তীব্রতা ও প্রচুর ধোঁয়ার কারণে পরবর্তীতে আরও একটি ইউনিট সেখানে যুক্ত করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুন লাগার আগে ওই এলাকা দীর্ঘক্ষণ ধোঁয়ায় আচ্ছন্ন ছিল। হঠাৎ করে আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে এবং আগুনের ভেতর থেকে ছোট ছোট বিস্ফোরণের শব্দ শোনা যেতে থাকে। নিরাপত্তার স্বার্থে বর্তমানে পুরো বংশাল এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়েছে।
অগ্নিকাণ্ডস্থল কেপি ঘোষ স্ট্রিটের গলিটি অত্যন্ত সরু হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়িগুলো সরাসরি ভবনের সামনে পৌঁছাতে পারছে না। ফায়ার সার্ভিসের কর্মীরা মূল সড়ক থেকে প্রায় ২০-২৫ গজ দূরে গাড়ি রেখে লম্বা পাইপের মাধ্যমে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছেন।
ভবনটির নিচে বেশ কয়েকটি দোকান রয়েছে বলে জানা গেছে। তবে প্রাথমিকভাবে আগুনের কারণ কিংবা ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।











