নিজস্ব প্রতিবেদক : 28 March 2026 , 8:47:34 83 বার পঠিতপ্রিন্ট সংস্করণ
কুমিল্লার আদর্শ সদর উপজেলায় জ্বালানি তেলের বাজার নিয়ন্ত্রণে রাখতে এবং কৃত্রিম সংকট রোধে ৫টি ফিলিং স্টেশনে বিশেষ অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার (২৮ মার্চ) উপজেলার বিভিন্ন এলাকায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এই অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে অবৈধভাবে তেল মজুত করে বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করা হচ্ছে কিনা তা খতিয়ে দেখা হয়। এছাড়া ফিলিং স্টেশনগুলোর স্টক রেজিস্ট্রারে সংরক্ষিত তথ্যের সাথে বাস্তব মজুতের সামঞ্জস্য এবং পরিমাপে সঠিকতা যাচাই করা হয়।
অভিযান চালানো প্রতিষ্ঠানগুলো হলো, ১. মেসার্স জান্নাত ফিলিং স্টেশন, ২. মেসার্স নাইমুল ফিলিং স্টেশন,৩. মেসার্স রহমান ফিলিং স্টেশন, ৪. মেসার্স ইষ্টার্ণ সি.এন.জি ফিলিং স্টেশন, ৫. মেসার্স নুরুল হুদা ফিলিং স্টেশন।
অভিযান চলাকালে আদর্শ সদরের তেলিকোনা এলাকায় অবস্থিত মেসার্স নুরুল হুদা ফিলিং স্টেশনে সুনির্দিষ্ট অপরাধ প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪৫ ধারায় ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, জনস্বার্থে এবং ভোক্তা অধিকার নিশ্চিত করতে এ ধরনের তদারকি ও মোবাইল কোর্ট অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।













